‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’—পুলিশ কর্মকর্তাকে ছাত্রলীগ নেতার হুমকি

১৭ অক্টোবর ২০২৬, ০৪:২৩ PM
ছাত্রলীগ নেতা ও  পুলিশ কর্মকর্তা

ছাত্রলীগ নেতা ও পুলিশ কর্মকর্তা © টিডিসি ছবি

হবিগঞ্জের হবিগঞ্জের মাধবপুরে সহকারী উপপরিদর্শক (এএসআই) দেলোয়ার হোসেনকে হুমকি দিয়েছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাকে উদ্দেশ্য করে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আতাউস সামাদ বাবু বলেছেন ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’। শুক্রবার (১৬ অক্টোবর) দেওয়া ওই স্ট্যাটাসে তিনি দাবি করেন, তাকে গ্রেপ্তার করতে পুলিশ কর্মকর্তা তার বাড়িতে গিয়েছিলেন। তবে এএসআই দেলোয়ার হোসেন ওই দাবি ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন।

ফেসবুক স্ট্যাটাসে আতাউস সামাদ বাবু লেখেন, ‘দেলোয়ার সাহেবদের নাম-ঠিকানা আমরা রাখছি, কারণ তারাও পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবে না ইনশাআল্লাহ।’ একই স্ট্যাটাসে রাজনীতি করতে গিয়ে কয়েকবার জেল মেনে নিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। এ ছাড়া, তার বাড়িতে পুলিশ যাওয়ার সময় তিনি সেখানে ছিলেন না বলে দাবি করেন। পরে ছাত্রলীগ নেতা সিরাজ গ্রেপ্তার হয়েছেন বলেও স্ট্যাটাসে উল্লেখ করেন বাবু।

তবে আতাউস সামাদ বাবুর অভিযোগ অস্বীকার করেছেন এএসআই দেলোয়ার হোসেন। তিনি বলেন, ‘ফেসবুকে এভাবে বাবু সাহেব আমার নামে যে ভিত্তিহীন কথা লিখেছেন, তার কোনো অস্তিত্ব নেই। আমি মাদকের একটি তদন্তে তার গ্রামের পাশে গিয়েছিলাম। সেটাকে কেন্দ্র করে তিনি ফেসবুকে যে লেখালেখি করেছেন, তা নিতান্তই বোকামি। স্বীয় দায়িত্ব ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনার বাইরে ব্যক্তিগতভাবে আমাদের কিছু করার সুযোগ নেই।’

এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। খোঁজখবর নিয়ে বিষয়টি দেখব।’

জানা গেছে, এএসআই দেলোয়ার হোসেন মাধবপুর থানার অধীন কাশিমনগর পুলিশ ফাঁড়িতে দায়িত্ব পালন করছেন। ওয়ারেন্ট তামিলে ভালো কাজের জন্য তিনি হবিগঞ্জের পুলিশ সুপারের কাছ থেকে পুরস্কৃত হয়েছেন বলেও জানা গেছে।

অন্যদিকে, আতাউস সামাদ বাবু মাধবপুর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি চৌমুহনী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন। হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী হিসেবেও তিনি আলোচনায় ছিলেন। স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার বিষয়েও তার নাম আলোচনায় এসেছে। এ ছাড়া ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের মুক্তির দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখি করেও তিনি আলোচনায় এসেছিলেন বলে স্থানীয়রা জানান। তার বাবা আব্দুর রউফ চৌমুহনী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এ ঘটনায় দক্ষিণ মাধবপুর উন্নয়ন পরিষদের সভাপতি ও যুবদল নেতা আনোয়ার হোসেন বেলাল বলেন, ‘গণতন্ত্রে বাকস্বাধীনতা রয়েছে। কিন্তু সেটি করতে গিয়ে কারও বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিলে সেটি এক ধরনের অন্যায়। আমরা চাই, গণতন্ত্রের সঠিক চর্চা হোক। পুলিশ পুলিশের কাজ করুক, নেতারা নেতাদের কাজ করুক।’

ফেসবুকে আতাউস সামাদ বাবুর দেওয়া ওই স্ট্যাটাসকে কেন্দ্র করে স্থানীয়ভাবে আলোচনা-সমালোচনা চলছে।

একদিনেই দুই সুখবর পেলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান
  • ১৭ অক্টোবর ২০২৬
কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় ম্যানেজার পুলিশি হ…
  • ১৭ অক্টোবর ২০২৬
ইবতেদায়ী শিক্ষকদের ১৩তম গ্রেড নিয়ে যা বললেন সচিব
  • ১৭ অক্টোবর ২০২৬
শনাক্ত করা যাচ্ছে না পুড়ে যাওয়া ১০ মরদেহ, লাপাত্তা রিসোর্ট …
  • ১৭ অক্টোবর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটির সমাবর্তন ৩ ডিসেম্বর
  • ১৭ অক্টোবর ২০২৬
নওগাঁয় গাঁজাসহ আটক ছাত্রদল নেতাকে বহিষ্কার
  • ১৭ অক্টোবর ২০২৬