হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও সাদিক কায়েম (ইনসেটে) © টিডিসি সম্পাদিত
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে ‘মাছের বাজার’ আখ্যা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম। বিমানবন্দরে মালামাল চুরি, দীর্ঘ অপেক্ষা, হয়রানি ও হেনস্তার অভিযোগও করেছেন তিনি। একই সঙ্গে হয়রানির প্রতিবাদ করায় গ্রেপ্তার হওয়া সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদও জানিয়েছেন সাদিক কায়েম।
আজ শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব গেটে ইসলামী বইমেলা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সাদিক কায়েম বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বলা হয়। এটা হচ্ছে নামে আন্তর্জাতিক। কিন্তু ওইখানে গেলে আপনার কাছে মনে হবে একটা মাছ বাজারে আসছেন।
তিনি বলেন, আপনি যদি যান যেকোনো দেশে, আমাদের প্রতিবেশী দেশ ভারতেও যান অথবা এই যে সাউথ এশিয়ার যে কান্ট্রিগুলো আছেন, ওখানে যান; যাওয়ার ১০ মিনিটের মধ্যে আপনার লাগেজগুলো পেয়ে যাবেন। কিন্তু আমাদের এমন এক রাষ্ট্র, যেখানে আন্তর্জাতিক বিমানবন্দর, দুই ঘণ্টা, তিন ঘণ্টা, চার ঘণ্টা অপেক্ষা করার পরও আপনি আপনার লাগেজগুলো পাবেন না। লাগেজ পাইলেও সেখানে মালামাল চুরি হবে, সেখানে আপনাকে বিভিন্ন ধরনের হেনস্তা করা হবে।
মেজর আখতারুজ্জামান এরই প্রতিবাদ করেছিলেন জানিয়ে সাদিক কায়েম বলেন, সেটার প্রতিবাদ করেছিল সাবেক এমপি মেজর আখতারুজ্জামান। ওখানে জামায়াতের চৌত্রিশ জন এমপি ছিল, তারা বিভিন্ন হেনস্তার শিকার হয়েছিল; সেটার প্রতিবাদ করেছিল। আমরা আশা করেছিলাম রাষ্ট্রও সেটা ব্যবস্থা গ্রহণ করবে, যারা হেনস্তা করেছিল তাদের বিরুদ্ধে, সেই কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। সেটা না করে, আমরা দেখতে পেয়েছি আজকে যারাই হেনস্তার শিকার হয়েছে তাদেরকে মামলা দেওয়া হয়েছে এবং সর্বশেষ মেজর আখতারুজ্জামানকে অ্যারেস্ট করা হয়েছে।
এর আগে শুক্রবার (২ অক্টোবর) রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় নিজ বাসভবন থেকে তাকে মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিমানবন্দরের অব্যবস্থাপনা নিয়ে নির্বাহী কর্মকর্তা গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদের সঙ্গে বাগবিতণ্ডায় লিপ্ত হয়েছিলেন তিনি। এ ঘটনায় সরকারি কাজে বাধা এবং হেনস্তাসহ বিভিন্ন অভিযোগ এনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।