জামায়াত একটি গুপ্তবাহিনী, এদের কেউ ছাত্রলীগ, কেউ আওয়ামী লীগ-যুবলীগ করে: বিদ্যুৎমন্ত্রী

২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ PM , আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ PM
সিরাজগঞ্জ শহরের ইসলামিয়া সরকারি কলেজ মাঠে হাসান মাহমুদ টুকু

সিরাজগঞ্জ শহরের ইসলামিয়া সরকারি কলেজ মাঠে হাসান মাহমুদ টুকু © সংগৃহীত

জামায়াতে ইসলামীকে ‘গুপ্ত বাহিনী’ হিসেবে উল্লেখ করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘দলটির অনেক নেতাকর্মী আগে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিলেন। জুলাই আন্দোলনে সরকার পতনের পর তারা বিপ্লবী হয়ে গেছে।’

আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে সিরাজগঞ্জ শহরের ইসলামিয়া সরকারি কলেজ মাঠে জেলা বিএনপি ও সম্মেলন প্রস্তুত কমিটির উদ্যোগে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। দেশব্যাপী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘জামায়াত একটি গুপ্ত বাহিনী। তারা কেউ ছাত্রলীগের সভাপতি, কেউ যুবলীগ আবার কেউ আওয়ামী লীগে ছিল। কিন্তু জুলাই আন্দোলনে সরকার পতনের পর সবাই বিপ্লবী হয়ে গেছে। তারা যে বিএনপির মধ্যেও নেই, সেটারও কোনো গ্যারান্টি নেই।’

জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সিরাজগঞ্জ সফরের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘দলটির আমির ডা. শফিকুর রহমান কিছুদিন আগে সিরাজগঞ্জে এসেছিলেন। তিনি এসে নাকি এক আঙুল দেখেছেন। কিন্তু এই এক আঙুল দিয়ে কিছু হয় না। হাত দিয়ে কাজ করতে হলে পাঁচ আঙুল লাগবে। অবশ্য সিরাজগঞ্জে এসে এক আঙুলই দেখবে, কারণ এক আঙুলের বেশি সিরাজগঞ্জে তার ভোট নেই।’

আওয়ামী লীগের নেতাকর্মীরা ভারতে অবস্থান করে সামাজিক যোগাযোগমাধ্যমে হুমকি দিচ্ছেন দাবি করে বিএনপির এই নেতা বলেন, ‘আওয়ামী লীগের নেত্রী ও তার নেতাকর্মীরা লেজ গুটিয়ে ভারতে বসে আছে। সেখানে বসে ফেসবুকের মাধ্যমে হুংকার দিচ্ছে। কোথায় আছে তাও দেখা যায় না কিন্তু হুংকার দিচ্ছে তারেক রহমানের সরকারকে পতন করাবে।’

তিনি আরও বলেন, ‘আমরা এই দেশে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে দায়িত্বভার গ্রহণ করেছি। জনগণ যে কয়দিনের জন্য নির্বাচিত করেছে, সেই কয়দিন জনগণকে সঙ্গে নিয়ে দায়িত্ব পালন করবো। এসব হুমকি-ধামকি দিয়ে কিছু হবেনা।’

শেখ হাসিনার বক্তব্যের প্রসঙ্গ টেনে ইকবাল হাসান মাহমুদ বলেন, ‘শেখ হাসিনা ভারতে বসে হুংকার দেয় টুপ করে ডুকে পরবো। এখন বলছে ডিসেম্বরে আসব।’

সিরাজগঞ্জের আওয়ামী লীগ নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘বহু অত্যাচার করেছেন, আমি টুকু বাংলাদেশের মন্ত্রী। সরকারি ক্ষমতার অপব্যবহার করি না। অপব্যবহার করতে জানিও না। অপব্যবহার করতে শিখিও নাই। এটা আমাদের রাজনীতি। কিন্তু আপনেরা যদি ভেস্কি দেন, আপনেরা যদি আমাকে আঘাত করেন। সেটা মেনে নেব না। দেশের আইনে তার বিচার হবে।’

জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদের সভাপতিত্বে সমাবেশে দলটির রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম আলীম, সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিম রেজা, সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক, সিরাজগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য এম আকবর আলীসহ জেলা ও উপজেলা বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসক-ফার্মাসিস্টদের সমন…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
উৎসবমুখর আয়োজনে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ৩০তম প্রতিষ্ঠাব…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
বহু প্রতীক্ষিত প্রত্যাবর্তনে ব্যর্থ বাবর
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
মিরপুরে ক্লিনিক গুঁড়িয়ে দেওয়ার প্রতিবাদ এনডিএফের, জড়িতদের শ…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
চবি আবৃত্তি সংসদের নেতৃত্বে হাসনাত-ফাহিম-মম
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
মিরপুরে স্বাস্থ্য কেন্দ্র গুড়িয়ে দেওয়া নিয়ে সরকারের কাছে ৪ …
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬