পাল্টাপাল্টি কর্মসূচীতে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা মুখোমুখী, উত্তেজনা

২৯ জুলাই ২০২৬, ১০:০১ AM
ঘটনাস্থলে গিয়ে বিএনপি-জামায়াতের উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ। মঙ্গলবার রাতে পাবনার সাঁথিয়া পৌর সদরে।

ঘটনাস্থলে গিয়ে বিএনপি-জামায়াতের উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ। মঙ্গলবার রাতে পাবনার সাঁথিয়া পৌর সদরে। © টিডিসি ফটো

পাবনার সাঁথিয়া উপজেলায় জুমার নামাজে নিজামীপুত্রের ইমামতী নিয়ে দ্বন্দ্বে পাল্টাপাল্টি রাজনৈতিক কর্মসূচি পালনের চেষ্টা করেছেন বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। এতে তারা মুখোমুখি অবস্থানে গেলে চরম উত্তেজনা দেখা দিয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) রাত ৮টার দিকে সাঁথিয়ার পৌর এলাকার তিন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন সাঁথিয়া থানার ওসি আনিসুর রহমান। জানা গেছে, সর্বশেষ জামায়াতের বিক্ষোভ মিছিল কর্মসূচির পর বিএনপির পাল্টা বিক্ষোভ মিছিল পণ্ড হয়ে যায়। এতে উত্তেজনা আরো বেড়েছে। যেকোনো সময় সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয় লোকজন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (২৪ জুলাই) সাঁথিয়ার পৌর এলাকার আফতাবনগর জামে মসজিদে স্থানীয় সংসদ সদস্য (এমপি) ও নিজামীপুত্র ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন জুমআর নামাজে ইমামতী করতে চান। এ সময় বিএনপি অনুসারীরা তাতে আপত্তি জানালে তৎক্ষণাৎ হাতাহাতির ঘটনা ঘটে। 

সে ঘটনার প্রতিবাদে বিএনপিকে দায়ী করে সংবাদ সম্মেলন করেন স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। তিনি ঘটনার জন্য প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ আব্দুল্লাহকে দায়ী করেন। জামায়াতের সে সংবাদ সম্মেলনের প্রতিবাদে মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে পাল্টা সংবাদ সম্মেলন করে বিএনপি নেতাকর্মীরা। 

এতে জামায়াত এমপি মোমেনের বিরুদ্ধে রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠায় ধর্মীয় প্রতিষ্ঠানকে ব্যবহার ও পরিকল্পিত নৈরাজ্য সৃষ্টির অভিযোগ আনা হয়। বিএনপির এ সংবাদ সম্মেলনের প্রতিবাদে একইদিন বিকেলে পৌর শহরে একটি বিক্ষোভ মিছিল করেন জামায়াতের কর্মী সমর্থকরা। পরে সন্ধ্যায় আবার পাল্টা কর্মসূচি হিসেবে আরেকটি বিক্ষোভ মিছিলের ডাক দেয় বিএনপি।

সন্ধ্যায় নেতাকর্মীরা জড়ো হয়ে পৌনে ৮টার দিকে পৌর বিএনপির দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু করতে গেলে পাশেই তিন মাথা মোড়ে অবস্থান নেন জামায়াতের নেতাকর্মীরা। এ নিয়ে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। সবশেষ মিছিলটি পৌর সদরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ না করে উপজেলা চত্ত্বর থেকে সংক্ষিপ্ত করে জুলকারনাইন চত্ত্বরে এসে পথসভায় শেষ হয়। 

ভিন্ন খবর: নাসীরুদ্দীন পাটওয়ারী-সার্জিস আলমের গাড়িবহরে হামলা 

এদিকে এ নিয়ে সাঁথিয়া পৌর সদরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আতঙ্কে ওই এলাকার সব দোকানপাট বন্ধ রয়েছে। পৌর বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মল্লিক ভাষ্য, ‘আমাদের সংবাদ সম্মেলনের বিরুদ্ধে বিক্ষোভ করায় সন্ধ্যায় আমরাও বিক্ষোভ মিছিল কর্মসূচি দেই। কিন্তু জামায়াত শিবিরের সন্ত্রাসীরা দেশী ও বিদেশি অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের ওপর হামলার জন্য পাশেই অবস্থান নেয়।’

তিনি আরো বলেন, ‘তাদের কাছে একাত্তরের সেই অস্ত্রও রয়েছে। সেগুলো দিয়ে সন্ত্রাসী কায়দায় এ এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালাতে চায়। কিন্তু বিএনপি সেটি হতে দেবে না। নেতাকর্মীদের সাথে আলাপ করে নতুন কর্মসূচির মাধ্যমে এর কঠোর জবাব দেয়া হবে।’

হামলা পরিকল্পনার অভিযোগ মিথ্যা দাবি করেছে জামায়াত। উপজেলা জামায়াতের সেক্রেটারী আনিসুর রহমান বলেন, ‘ওখানে আমাদের সব নেতাকর্মী অবস্থান নিয়ে ছিল, বিষয়টি এমন নয়। ওখানকার স্থানীয় কিছু কর্মী-সমর্থক একত্রিত হয়ে বিএনপির রাতের মিছিল বন্ধের দাবি জানায়। পরে পুলিশের আহবানে তারা সরে আসে। এখানে লাঠিসোঁটা বা অস্ত্রশস্ত্র নিয়ে হামলা পরিকল্পনার অভিযোগ মিথ্যা।’

সাঁথিয়া থানার ওসি আনিসুর রহমান বলেন, ‘মিছিলকে কেন্দ্র করে তিন রাস্তার মোড়ের দুই পাশে দুই পক্ষ অবস্থান নেয়। তৎক্ষণাৎ পুলিশ মাঝখানে অবস্থান নিয়ে উভয়পক্ষকে শান্ত করে। পরে বিএনপি নেতাকর্মীরা সংক্ষিপ্ত মিছিল শেষে ফিরে যায়। আপাতত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। উভয় পক্ষই ঘটনাস্থল ত্যাগ করেছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।’

উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইউনিভার্…
  • ২৩ আগস্ট ২০২৬
প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে শিক্ষাসফরে গেল এনএসইউ’র মার্…
  • ২৩ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলি আবেদন দুইদিনে ৭ হাজার ছাড়াল
  • ২৩ আগস্ট ২০২৬
এইচএসসি পাসেই চাকরি ইউএস-বাংলা এয়ারলাইনসে, আবেদন ৩ সেপ্টেম্…
  • ২৩ আগস্ট ২০২৬
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন এলজিআরডি মন্ত্রী  
  • ২৩ আগস্ট ২০২৬
না ফেরার দেশে ঢাবি ছাত্র হাবিবুর রহমান শুভ
  • ২৩ আগস্ট ২০২৬