তরুণদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখোমুখি হওয়ার নতুন তারিখ ঘোষিত হয়েছে। আগামী ২৩ নভেম্বর ‘লেটস টক’ শিরোনামের ওই অনুষ্ঠানে অংশ নেবেন বঙ্গবন্ধু কন্যা। এদিন বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত চলবে ওই অনুষ্ঠান। মঙ্গলবার গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিরআই) ফেসবুক পেজ থেকে এসব তথ্য জানানো হয়।
জানা যায়, প্রধানমন্ত্রীর শেখ হাসিনার প্রথমবারের মত আয়োজিত ওই অনুষ্ঠানটি সিআরআই ও ইয়াং বাংলার ফেসবুক পেজ থেকে সরাসরি দেখা যাবে। অনুষ্ঠানে তরুণদের কাছ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন ও পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে তাদের কাছ থেকে দেশ গঠনে তাদের পরিকল্পনা ও পরামর্শের কথা গ্রহণ করবেন। এর আগে ১৬ নভেম্বর অনুষ্ঠানটি আয়োজনের কথা থাকলেও শেষ পর্যন্ত তা পেছানো হয়।
সিআরই সূত্র জানায়, এ অনুষ্ঠানে সরাসরি তরুণদের বিভিন্ন মতামত গ্রহণের পাশাপাশি তাদের প্রশ্নের উত্তর প্রদান করবেন প্রধানমন্ত্রী। শুধু তাই নয়, বর্তমান প্রজন্মকে অনুপ্রেরণা দিতে এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তার তারুণ্যের সময় নিয়ে নতুন বেশ কিছু তথ্য জানাবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশ থেকে ১৫০ জন তরুণের সাথে দেশের বিভিন্ন নীতি নির্ধারনী বিষয়ে আলোচনা করবেন প্রধানমন্ত্রী। বিভিন্ন পেশাজীবী, চাকরিজীবী, উদ্যোক্তা, শিক্ষার্থী, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত এবং দেশ গঠনে উদ্যমী তরুণ প্রতিনিধিরা অংশ নেবেন এই আয়োজনে।