মনোনয়ন দৌড়ে পিছিয়ে নেই শিক্ষকরাও

১৪ নভেম্বর ২০১৮, ০২:৫৯ PM

© টিডিসি ফটো

একাদশ সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের দৌড়ে পিছিয়ে নেই শিক্ষকরাও। মঙ্গলবার পর্যন্ত দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের ১৬ জন শিক্ষক নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। কোন কোন শিক্ষক আবার একাধিক আসন থেকেও মনোনয়ন সংগ্রহ করেছেন।

দেশের বৃহত্তম এবং ক্ষমতাসীন রাজনীতিক দল আওয়ামী লীগের হয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ (আশুগঞ্জ-সরাইল) আসনের মনোনয়ন ফরম জমা দিয়েছেন মো. শাহজাহান আলম সাজু। তিনি আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন স্বাধীনতা শিক্ষক পরিষদের (স্বাশিপ) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক। এছাড়াও তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সহসভাপতি ছিলেন। বর্তমানে আওয়ামী লীগের কেন্দ্রীয় শিক্ষা ও মানবসম্পদবিষয়ক উপকমিটির সদস্য। তিনি বলেন, ওয়ান-ইলেভেনে আমিই একমাত্র শিক্ষক নেতা যে শেখ হাসিনার মুক্তির জন্য সর্বপ্রথম রাস্তায় নেমেছি। আওয়ামী লীগ যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে আমি এই আসনটি উপহার দিতে পারব বলে শতভাগ আশাবাদী।’

সাতক্ষীরা-৩ (আশাশুনি-দেবহাটা-কালীগঞ্জের একাংশ) আসনে আওয়ামী লীগের হয়ে মনোনয়ন ফরম কিনেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের অধ্যাপক ড. আবু ইউসুফ । তিনি বর্তমানে খুলনার নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির উপাচার্য। এছাড়া তিনি নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ, নর্দান ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজসহ একাধিক স্বনামধন্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। তিনি বলেন, আমি নিজে শিক্ষক এবং শিক্ষকের ছেলে। এটুকু নিশ্চয়তা দিতে পারি, গরিবের পয়সা চুরি করব না।  দল সুযোগ দিলে আমি এই আসনে ভাল করতে পারি। 

জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিয়েছেন রাজধানীর তেজগাঁও কলেজের অধ্যক্ষ ও তেজগাঁও থানা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মো. আবদুর রশীদ। তিনি বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির (বাকবিশিস) কার্যকরী সভাপতি। এছাড়া তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য।

কিশোরগঞ্জ-৩ আসন (করিমগঞ্জ-তাড়াইল) থেকে আওয়ামী লীগের হয়ে মনোনয়ন ফরম জমা দিয়েছেন জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্টের আহ্বায়ক ও বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ আসাদুল হক। তিনি রাজধানীর তেজগাঁও মহিলা কলেজের সদ্য সাবেক অধ্যক্ষ ও বাংলাদেশ অবসর সুবিধা বোর্ডের সাবেক সদস্যসচিব।

এ ছাড়া রাজশাহী-১ আসন থেকে আওয়ামী লীগের হয়ে সাবেক অধ্যাপক বজলার রহমান, রাজশাহী-২ আসন থেকে শফিকুর রহমান বাদশা, পিরোজপুর-১ আসন থেকে অধ্যক্ষ শাহ আলম, নেত্রকোনা-২ আসন থেকে মদনপুর শাহ সুলতান ডিগ্রি কলেজের শিক্ষক ওমর ফারুক, নেত্রকোনা-১ আসন থেকে সুসং ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ রেমন্ড আরেং, ময়মনসিংহ-৯ আসন থেকে অধ্যক্ষ সামছুল বারী মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

অন্যদিকে, দেশের শীর্ষস্থানীয় আরেক রাজনীতিক দল বিএনপির মনোনয়ন কিনেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম। তিনি সাদা দলের আহ্বায়ক ও বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক। ওবায়দুল ইসলাম বাগেরহাট-৩ আসনের মনোনয়ন ফরম কিনেছেন। তিনি বলেন, নির্বাচন হলো আন্দোলনের একটি অংশ। আমরা নির্বাচনের মাধ্যমেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আনব। আর আমি মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদী। দল যদি শিক্ষিত লোকদের মূল্যায়ন করে তবে আমি অবশ্যই মনোনয়ন পাবো। 

বিএনপিপন্থী শিক্ষক সংগঠনগুলোর বৃহৎ মোর্চা বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া। তিনি ঢাকা-৪ (শ্যামপুর-কদমতলী), ঢাকা-৫ (ডেমরা, যাত্রাবাড়ী ও কদমতলীর একাংশ) ও কুমিল্লা-২ (হোমনা-তিতাস) থেকে বিএনপির হয়ে মনোনয়ন ফরম জমা দিয়েছেন। তিনি বিএনপির কেন্দ্রীয় গণশিক্ষাবিষয়ক সম্পাদক এবং রাজধানীর এ কে স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ। সেলিম ভূঁইয়া বলেন, আমি যে তিনটি আসন থেকে মনোনয়ন ফরম তুলেছি, তা পাশাপাশি। এসব এলাকার অধিকাংশ বাসিন্দা কুমিল্লার। আমি নিজেও কুমিল্লার। ফলে দল আমাকে যেকোনো আসন থেকে মনোনয়ন দিলে বিশাল ব্যবধানে জয়লাভ করতে পারব।’

রাজধানীর জনতাবাগ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসাইন বিএনপির হয়ে মেহেরপুর-১ আসন থেকে মনোনয়ন ফরম জমা দিয়েছেন। তিনি মেহেরপুর জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য। এ ছাড়া শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের অতিরিক্ত মহাসচিব ও বাংলাদেশ প্রধান শিক্ষক সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

এছাড়া, জয়পুরহাট শহর বিএনপির সহসভাপতি অধ্যক্ষ মামসুল হক জয়পুরহাট-১ আসন থেকে, দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা বিএনপির সেক্রেটারি মনজুরুল ইসলাম দিনাজপুর-২ আসন থেকে, পিরোজপুর জেলা বিএনপির সেক্রেটারি ও শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের নেতা আলমগীর হোসেন পিরোজপুর-১ আসন থেকে বিএনপির হয়ে মনোনয়ন ফরম জমা দিয়েছেন।  

 

রাবিপ্রবির ক্যান্টিনে খাবারের বাড়তি দাম, ভোগান্তিতে শিক্ষার…
  • ১১ অক্টোবর ২০২৬
দুইবার প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরও বেঁচে যাওয়া ক্রিস্টা হা…
  • ১১ অক্টোবর ২০২৬
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালির ঘটনায় মামলা, গ্রেপ্তার আয়াসস…
  • ১১ অক্টোবর ২০২৬
জেলেনস্কিকে সরিয়ে ইউক্রেনে নতুন প্রেসিডেন্ট নিয়োগ দেওয়ার আহ…
  • ১১ অক্টোবর ২০২৬
‘রাজুর স্ত্রী’ পরিচয়ে কক্সবাজার হোটেলে উঠেন স্কুলছাত্রী তাজ…
  • ১১ অক্টোবর ২০২৬
শিক্ষা অধিকার সংসদের ‘এডুএনভয়’ নেটওয়ার্কের উদ্বোধন
  • ১১ অক্টোবর ২০২৬