চবিতে ছাত্রলীগের দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া

০১ নভেম্বর ২০১৮, ০১:২৫ AM

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে ছাত্রলীগের দুই কর্মী আহত হয়েছেন। বুধবার সন্ধ্যার পর থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত কয়েক দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের মত বিচ্ছিন্ন ঘটনা ঘটে।

জানা যায়, বিকালে বিশ্ববিদ্যালয়ের রেল স্টেশনে ঘটনার সূত্রপাত। বিকাল ৫টার দিকে ট্রেনে কথা কাটাকাটিকে কেন্দ্র করে চারুকলা ইনস্টিটিউটের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের জহির রায়হান অভি নামে ভিএক্স গ্রুপের এক কর্মীকে সিএফসি গ্রুপের নেতা মিথুন ও পিয়াস মারধর করে। এরপর সন্ধ্যার দিকে ভিএক্সের কর্মীরা মিথুনকে মারধর করে । পরে ক্যাম্পাসজুড়ে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে সিএফসি গ্রুপের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের শাহআমানত হলের সামনে এবং ভিএক্স এর নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের শহীদ সোহরাওয়ার্দী হল ও শাহজালাল হলের সামনে অবস্থান নেয়। সন্ধ্যার পর থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত দুপক্ষের মধ্যে কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের মত বিচ্ছিন্ন ঘটনা ঘটে। 

এ সময় ভিএক্স গ্রুপের নেতাকর্মীদের সাথে মেয়র আ জ ম নাছিরের অনুসারী অন্যান্য গ্রুপের নেতাকর্মীরাও যোগ দেয়। সংঘর্ষের এক পর্যায়ে  দুপক্ষই একে অপরকে দেশীয় অস্ত্রশস্ত্র হাতে ধাওয়া করতে দেখা যায়। শাহআমানত হলের ছাদ থেকে ইটপাটকেল নিক্ষেপ করে সিএফসি গ্রুপের নেতাকর্মীরা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এখনো ক্যাম্পাসের  পরিস্থিতি থমথমে।

বিবাদমান পক্ষ দুটি হলো- নগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের অনুসারী ভিএক্স গ্রুপ এবং আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী সিএফসি গ্রুপ।

আহতদের উভয়ই সিএফসি গ্রুপের। মিথুন বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষ  ও আরিফুল ইসলাম ইতিহাস বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ।

সিএফসি গ্রুপের নেতা চবি ছাত্রলীগের সাবেক সহসভাপতি জামান নুর বলেন, নির্বাচনকে সামনে রেখে জামায়াত-শিবিরের এজেন্টরা আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে।

ভিএক্স গ্রুপের নেতা চবি ছাত্রলীগের সাবেক উপ দপ্তর সম্পাদক মিজানুর রহমান বিপুল জানান, আজ বিকালে আমাদের এক জুনিয়র কর্মীকে সিএফসির কয়েকজন মারধর করে ট্রেন থেকে নামিয়ে দেয়। পরে বিষয়টি সমঝোতা করতে গেলে তারা মারামারিতে জড়িয়ে পড়ে৷ তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হল থেকে বের হতে চাইলে আমাদের নেতাকর্মীরা ধাওয়া দিয়ে তাদের হলে ঢুকিয়ে দেয়।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হেলাল উদ্দিন  দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ছাত্রদের দুই পক্ষের মধ্যে ঝামেলা হয়েছে৷ আমরা বিষয়টি সমাধানের চেষ্টা করছি।

বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. আকতারুজ্জামান জানান, দুপক্ষের মধ্যে মারামারির ঘটনায় ক্যাম্পাসে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছেন।

বিশ্ব কন্যাশিশু দিবস: ঐতিহাসিক ভিত্তি, বর্তমানের অঙ্গীকার ও…
  • ১১ অক্টোবর ২০২৬
সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন ঘাতক সুমন
  • ১১ অক্টোবর ২০২৬
ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রোটনের মরদেহ আসছে…
  • ১১ অক্টোবর ২০২৬
মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন শাবিপ্রবি শিক্ষার্থী
  • ১১ অক্টোবর ২০২৬
বাতের ব্যথার জন্য দায়ী খাওয়াদাওয়া, কী বলছে গবেষণা?
  • ১১ অক্টোবর ২০২৬
সাংগঠনিক তৎপরতা বাড়ালে ৩১ সালের নির্বাচনে জয়ের দ্বার উন্মোচ…
  • ১১ অক্টোবর ২০২৬