দেশব্যাপী দলীয় নেতাকর্মীদের উপর সন্ত্রাসী বাহিনীর হামলা, গ্রেফতার এবং নেতাদের বাসায় তল্লাশির তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতারা। আজ গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মোঃ আকরামুল হাসান এই নিন্দা প্রকাশ করেন।
বিবৃতিতে বলা হয়, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-আপ্যায়ন সম্পাদক মামুনুর রশিদ মামুনকে গত রাত ৩টার সময় চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানাধীন ২৪নং উত্তর আগ্রাবাদ পানওয়ালাপাড়ার নিজ বাসা থেকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার করে। এছাড়াও ঢাকার আরামবাগ হাইকোর্ট থেকে জামিন নেয়ার উদ্দেশ্যে ঢাকায় আসলে সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক তানিমুল ইসলাম তানিম, সিলেট মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক ফাহিম রহমান মৌসুম, মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম, ছাত্রদল নেতা আল আমিন, উত্তর জেলা ছাত্রদল নেতা শামীম আলমগীর রুবেলকে গ্রেফতার করা হয়।
পল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে লক্ষীপুর সদর পশ্চিম ছাত্রদলের সহ সভাপতি মঞ্জুর রহমান ভূইয়া, চট্টগ্রাম এর ফটিকছড়ি থেকে উপজেলা ছাত্রদল নেতা শামীম আলমগীর রুবেল, হবিগঞ্জের নবিগঞ্জ থেকে উপজেলা ছাত্রদল নেতা হুমায়ুন কবির মুরাদ, ধর্মপাশা উপজেলা ছাত্রদল নেতা পিয়াস আহমেদকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার করে এবং কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদল নেতা শাহাদাত হোসেন জনি ও চট্টগ্রাম মহানগরের ৭নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মাহমুদুর রহমান বাবুর উপর ছাত্রলীগ সন্ত্রাসীরা হামলা চালিয়ে আহত করে।
বিবৃতিতে নেতারা বলেন, আ.লীগ ও তাদের সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ বেপরোয়া হয়ে উঠেছে। তাই এখন গুম, খুন, মিথ্যা মামলা দায়ের, গ্রেফতার আর ছাত্রলীগের নির্যাতন নিত্যনৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। পানিতে ডুবন্ত মানুষ যেমন খর-কুটো আশ্রয় করে বেঁচে থাকতে চায়।তেমনি ভোটার বিহীন এই সরকার আইনশৃঙ্খলা বাহিনী ও ছাত্রলীগ সন্ত্রাসীদের ব্যবহার করে ক্ষমতায় থাকতে চায়।
নেতারা অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবী করেন একই সাথে ছাত্রদল নেতাদের গ্রেফতার ও হামলার উৎসব থেকে বেরিয়ে আসার আহবান জানান। অন্যথায় যে কোন মুহুর্তে মানুষের অবদমিত ক্রোধ গগণবিধারী বিস্ফোরণে ফেটে পড়বে যার পরিনতি শুভ হবেনা বলে হুশিয়ার করে দেন নেতারা।