হজযাত্রীদের জন্য ৪ টিকা বাধ্যতামূলক করল সৌদি আরব

১৪ অক্টোবর ২০২৫, ০২:০০ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

২০২৬ সালের হজ মৌসুমকে সামনে রেখে হজযাত্রী ও সংশ্লিষ্ট কর্মীদের জন্য নতুন চিকিৎসা নির্দেশিকা প্রকাশ করেছে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়। জনস্বাস্থ্য সুরক্ষায় এ বছর টিকা গ্রহণ ও শারীরিক যোগ্যতা যাচাই আরও কঠোরভাবে বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, করোনাভাইরাস, মেনিনজাইটিস, পোলিও ও ইয়েলো ফিভার—এই চারটি টিকা হজযাত্রীদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে। এসব টিকা গ্রহণ না করলে কোনো হাজি সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না বলে জানানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, কোভিড-১৯ টিকা অবশ্যই সৌদি অনুমোদিত প্রস্তুতকারকের হতে হবে। সর্বশেষ ডোজ ২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে নেওয়া থাকতে হবে এবং যাত্রার অন্তত দুই সপ্তাহ আগে সম্পন্ন করতে হবে।

মেনিনজাইটিসের টিকা পাঁচ বছর পর্যন্ত বৈধ থাকবে, তবে সৌদিতে প্রবেশের কমপক্ষে ১০ দিন আগে নিতে হবে। পোলিও টিকা নজরদারিতে থাকা দেশগুলোর হাজিদের হজযাত্রার অন্তত চার সপ্তাহ আগে নিতে হবে এবং আন্তর্জাতিক টিকা সনদে তা উল্লেখ করতে হবে।

ইয়েলো ফিভারের টিকা নয় মাস বয়সের ঊর্ধ্বে সব যাত্রীর জন্য বাধ্যতামূলক করা হয়েছে।

সৌদি স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, গুরুতর শারীরিক সমস্যায় ভুগছেন এমন কেউ হজে অংশ নিতে পারবেন না। প্রধান অঙ্গ বিকল, জটিল দীর্ঘমেয়াদি অসুস্থতা, মানসিক বা স্নায়বিক সমস্যা, উচ্চঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা, সংক্রামক রোগে আক্রান্ত ব্যক্তি কিংবা ক্যানসারের চলমান চিকিৎসায় থাকা রোগীদের ক্ষেত্রে হজ নিষিদ্ধ থাকবে।

হজের সময় শারীরিক পরিশ্রমজনিত স্বাস্থ্যঝুঁকি কমাতে এই নির্দেশনা দেওয়া হয়েছে। নির্ধারিত টিকা ও স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন না করলে কোনো হাজিকে সৌদি প্রবেশের অনুমতি দেওয়া হবে না। প্রয়োজনে কোয়ারেন্টিন বা অতিরিক্ত স্বাস্থ্য পরীক্ষা করা হতে পারে।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, গত কয়েক বছরের হজ অভিজ্ঞতা ও বৈশ্বিক মহামারির শিক্ষা থেকে নতুন নির্দেশিকা প্রণয়ন করা হয়েছে। বৃহৎ জনসমাগমে সংক্রমণ ও চিকিৎসাজনিত ঝুঁকি নিয়ন্ত্রণই এর মূল লক্ষ্য।

দিল্লিতে মেট্রো-ট্রেন পুরোপুরি বন্ধ রাখা যাবে না: সুপ্রিম ক…
  • ০৯ অক্টোবর ২০২৬
যে ছাত্রদল নেতার রক্তে গতি পেয়েছিল নব্বইয়ের স্বৈরাচারবিরোধী…
  • ০৯ অক্টোবর ২০২৬
শান্তিতে নোবেল ঘোষণার কয়েকঘণ্টা পরেই আইসিসির ওপর নিষেধাজ্ঞা…
  • ০৯ অক্টোবর ২০২৬
মাদ্রাসা থেকে ঢাবিতে—প্রয়াত মায়ের স্বপ্ন পূরণে প্রথমবারেই ব…
  • ০৯ অক্টোবর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ জ্বালিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষ, আহত ১৫
  • ০৯ অক্টোবর ২০২৬
ট্রেড ইউনিয়ন নিবন্ধন সহজীকরণ ও অসৎ শ্রম আচরণ বন্ধের আহ্বান 
  • ০৯ অক্টোবর ২০২৬