মহিলা ক্রীড়া সংস্থা ও রাগবি ফেডারেশনের ঐতিহাসিক চুক্তি

২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৪ PM
সমঝোতা স্মারক স্বাক্ষর

সমঝোতা স্মারক স্বাক্ষর © সংগৃহীত

অনূর্ধ্ব-১৮ বছর বয়সী মেয়েদের রাগবি প্রশিক্ষণ প্রদান এবং দেশে এই খেলার প্রসার ঘটানোর লক্ষ্যে এক ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়ন।

সোমবার (২১ সেপ্টেম্বর) ধানমন্ডিস্থ শহীদ রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে নিজ নিজ সংগঠনের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা এবং বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের সহ-সভাপতি মৌসুম আলী।

আগামী তিন বছরের জন্য সম্পাদিত এই চুক্তির আওতায় তৃণমূল ও রাজধানী থেকে আগ্রহী ১৮ বছর পর্যন্ত বয়সের মেয়েদের রাগবি খেলার সুযোগ-সুবিধা ও প্রশিক্ষণ প্রদান করা হবে। 
চুক্তি অনুযায়ী, রাগবি ফেডারেশনের সহায়তায় মহিলা ক্রীড়া সংস্থা প্রশিক্ষণের যাবতীয় ব্যবস্থা গ্রহণ করবে। এতে রাগবি ফেডারেশন থেকে কোচ, খেলার সরঞ্জাম ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা সরবরাহ করা হবে। নির্ধারিত সময়ে সপ্তাহে দুই থেকে তিনদিন, দৈনিক দুই ঘণ্টা করে মেয়েরা নিবিড় প্রশিক্ষণ গ্রহণ করবে এবং প্রশিক্ষণ শেষে তাদের সনদপত্র প্রদান করা হবে। পরবর্তীতে প্রশিক্ষণপ্রাপ্ত এসব প্রতিভাবান খেলোয়াড়দের মধ্য থেকে বাছাই করে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে এবং ফেডারেশনের পক্ষে খেলার সুযোগ করে দেওয়া হবে।

অনুষ্ঠানে বক্তব্যকালে মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ব্যারিস্টার সারোয়াত সিরাজ শুক্লা জানান, শুধু প্রশিক্ষণ কর্মসূচির মধ্যেই এটি সীমাবদ্ধ থাকবে না। এই চুক্তির অধীনে প্রশিক্ষণ, অনুশীলন, ক্যাম্প, বিশেষ প্রোগ্রাম এবং টুর্নামেন্ট আয়োজন অন্তর্ভুক্ত রয়েছে।

সারা বিশ্বে রাগবি অন্যতম জনপ্রিয় একটি খেলা উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, দুই ফেডারেশনের এই যৌথ উদ্যোগ বাংলাদেশে রাগবি খেলার জনপ্রিয়তা ও প্রসারকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। 

বিশ্বব্যাপী নারীদের গৌরবোজ্জ্বল ইতিহাসের কথা তুলে ধরে তিনি আরও জানান, দেশে বিভিন্ন জনপ্রিয় ও অপ্রচলিত খেলায় মেয়েদের সম্পৃক্ততা বৃদ্ধি ও শেখার সুযোগ তৈরিতে মহিলা ক্রীড়া সংস্থা বদ্ধপরিকর। অনুষ্ঠানে উভয় ফেডারেশনের অ্যাডহক কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া যুবকের মরদেহ মিলল পুকুরে
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
দক্ষিণ এশিয়ার ৮ দেশে জ্বালানি তেলের দাম কেমন?
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থীদের দিয়ে ‘মিড ডে মিল’ প্রস্তুত, ডিম সিদ্ধ করতে গি…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি কার্যালয় ভাঙচুর মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
শেষ মিনিটের রোমাঞ্চে পদকের স্বপ্নে বাংলাদেশ
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে স্ত্রীর মরদেহ রেখে পালালেন স্বামী
  • ২১ সেপ্টেম্বর ২০২৬