৯ম শিক্ষক নিবন্ধন প্রত্যাশী বাংলাদেশ’-এর ব্যানারে আয়োজিত মানববন্ধন © সংগৃহীত
নবম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশে এক সপ্তাহের সময়সীমা বেঁধে দিয়েছেন চাকরিপ্রত্যাশীরা। একই সঙ্গে ভবিষ্যতে স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষক নিবন্ধন পরীক্ষা পৃথকভাবে নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
আজ রবিবার (১১ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ‘৯ম শিক্ষক নিবন্ধন প্রত্যাশী বাংলাদেশ’-এর ব্যানারে আয়োজিত এক মানববন্ধন থেকে এসব দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রায় তিন বছর ধরে নতুন শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়ায় বিপুলসংখ্যক শিক্ষিত বেকার ও চাকরিপ্রত্যাশী অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। পরীক্ষা নিয়মিত না হওয়ায় একদিকে তাঁদের মূল্যবান সময় নষ্ট হচ্ছে, অন্যদিকে বাড়ছে বয়স। ফলে অনেকের চাকরিতে প্রবেশের সুযোগও সংকুচিত হয়ে আসছে। তাঁরা আরও বলেন, শিক্ষক নিবন্ধন পরীক্ষা দীর্ঘদিন বন্ধ থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও যোগ্য শিক্ষক নিয়োগের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। এতে চাকরিপ্রত্যাশীদের পাশাপাশি দেশের শিক্ষা ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এক প্রার্থী বলেন, করোনাসহ নানা কারণে আমরা দীর্ঘদিন ধরে ক্ষতিগ্রস্ত হচ্ছি। একের পর এক সংকট ও শিক্ষক নিবন্ধন পরীক্ষার দীর্ঘসূত্রতার কারণে আমাদের মূল্যবান সময় নষ্ট হয়েছে, অনেকের বয়স বেড়েছে এবং চাকরিতে প্রবেশের সুযোগ সীমিত হয়ে এসেছে। এই ক্ষতি কোনোভাবেই উপেক্ষা করার সুযোগ নেই। আমরা আমাদের হারানো সময় ও সুযোগের ক্ষতিপূরণ চাই। তাই দ্রুত নবম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করে পরবর্তী কার্যক্রম সম্পন্ন করার মাধ্যমে চাকরিপ্রত্যাশীদের ক্ষতি পুষিয়ে নেওয়ার উদ্যোগ নিতে হবে।
বক্তারা বলেন, শিক্ষক নিবন্ধন প্রত্যাশীদের ভবিষ্যৎ ও দেশের শিক্ষা ব্যবস্থার স্বার্থে অক্টোবর মাসের মধ্যেই ১৯তম/নবম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। একই সঙ্গে পরীক্ষার পরবর্তী কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তাঁরা।
মানববন্ধন থেকে আগামী এক সপ্তাহের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানিয়ে বক্তারা বলেন, নির্ধারিত সময়ের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ এবং নিয়োগপ্রক্রিয়া এগিয়ে নেওয়ার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি ভবিষ্যতে স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষক নিবন্ধন পরীক্ষা আলাদাভাবে আয়োজনের দাবি জানান তারা।