এনটিআরসিএ লোগো ও শিক্ষামন্ত্রী © ফাইল ছবি
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আগামী রবিবার এনটিআরসিএর কার্যালয়ে এ আলোচনা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
এনটিআরসিএ সূত্রে জানা গেছে, আগামী রবিবার সকাল ১০টায় সংস্থাটির কার্যালয়ে যাবেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তার সঙ্গে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন। সেখানে এনটিআরসিএর সার্বিক কার্যক্রম নিয়ে আলোচনা করবেন। এছাড়া চলমান কিছু বিষয়ে করণীয় নির্ধারণে নির্দেশনাও দেওয়া হতে পারে।
জানতে চাইলে এনটিআরসিএ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘শিক্ষামন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপদেষ্টা আসছেন। আমরা আমাদের সার্বিক কার্যক্রম নিয়ে তাঁদের সঙ্গে আলোচনা করব।’
জানা গেছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে মানসম্পন্ন শিক্ষক নিয়োগ না করে সার্বিক শিক্ষার মান উন্নয়ন সম্ভব নয়-এ বিষয়টি অনুধাবন করে ২০০৫ সালে এনটিআরসিএ প্রতিষ্ঠা করা হয় এবং ২০১৫ সালে এনটিআরসিএকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম প্রবেশ পর্যায়ের (এন্ট্রি লেভেল) শূন্য পদে মেধারভিত্তিতে নিয়োগ সুপারিশের দায়িত্ব প্রদান করা হয়।
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ আইন, ২০০৫ (২০০৫ সনের ১নং আইন) এর মাধ্যমে এনটিআরসিএ প্রতিষ্ঠিত হয়। উক্ত আইনের ১০নং ধারায় এনটিআরসিএকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগের তালিকা প্রণয়ন, নিবন্ধন ও প্রত্যয়নের দায়িত্ব দেওয়া হয়। উক্ত আইনের ধারা ২১ এর আলোকে বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণের জন্য বিধিমালা প্রণয়ন করা হয়। বিধিমালার মাধ্যমে এনটিআরসিএ শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ করে যোগ্য শিক্ষকদের তালিকা প্রণয়ন করে এবং প্রত্যয়নপত্র প্রদান করে।