তৌফিক মকবুল ও ব্রাক বিশ্ববিদ্যালয় লোগো © ফাইল ফটো
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে ব্র্যাক ইউনিভার্সিটির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুরে সৈকতের সি-গাল পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।
ওই শিক্ষার্থীর নাম তৌফিক মকবুল (২৩)। তিনি ঢাকার শ্যামলীর আদাবর এলাকার বাসিন্দা নুরুল আমিনের ছেলে এবং ব্র্যাক ইউনিভার্সিটির কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) জিল্লুর রহমান। তিনি বলেন, নিহত শিক্ষার্থী ও তার দুই বন্ধু বুধবার সাগরে গোসল করতে নেমেছিলেন। এ সময় ভাটার টানে তারা ভেসে যান। পরে লাইফগার্ডের সদস্যরা তিনজনকেই উদ্ধার করেন।
তিনি আরও বলেন, তৌফিককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।