অধ্যাপক ড. এবনে গোলাম সামাদ © ফাইল ছবি
দেশের প্রবীণ বুদ্ধিজীবী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিক্ষাবিদ, কলামিস্ট, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. এবনে গোলাম সামাদ মৃত্যুবরণ করেছেন। রোববার (১৫ আগস্ট) সকাল ১০টা ৪০ মিনিটে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ বাদ আসর তার জানাজা অনুষ্ঠিত হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।
অধ্যাপক এবনে গোলাম সামাদ রাজশাহীতে ১৯২৯ সালে জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষক ছিলেন। উদ্ভিদবিজ্ঞানের অধ্যাপক হলেও বিভিন্ন বিষয়ে বহুমাত্রিক লেখার জন্য তিনি পরিচিত। পরিবারের সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকেই তিনি বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন।
এক মাস আগে শারীরিক অসুস্থতায় তিনি রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে সুস্থ হলে তাকে বাড়িতে নিয়ে আসা হয়। এর আগে তিনি করোনা আক্রান্ত হয়েছিলেন।
পরিবারের সূত্রে জানানো হয়, রোববার সকালে হঠাৎ তার শ্বাসকষ্ট শুরু হলে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে তাকে নিয়ে যাওয়া হয়। সেখানে সকাল ১০টা ৪০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
প্রফেসর এবনে গোলাম সামাদের উন্নত চিকিৎসার জন্য বেশ কয়েকদিন থেকেই বিভিন্ন মহল থেকে সরকারের কাছে দাবি করা হলেও তার কোনো প্রকার উদ্যোগ নেয়া হয়নি।