চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ১৭ বরযাত্রীর মৃত্যু © ফাইল ফটো
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীতে বজ্রপাতে বরযাত্রীবাহী নৌকায় থাকা ১৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ৬ জন। বুধবার (৪ আগস্ট) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতরা সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের জনতারহাট ডাইলপাড়া গ্রামে থেকে বিয়ে পরবর্তী একটি অনুষ্ঠানে যোগ দিতে শিবগঞ্জের পাঁকা ইউনিয়নের দক্ষিণপাঁকার তেলিখাড়ি গ্রামের হোসেন আলীর বাড়িতে বৌ আনতে যাচ্ছিলেন।
বৃষ্টি শুরু হলে লোকজন নৌকা থেকে নেমে পদ্মার পশ্চিমপাড়ে ফেরিঘাটের একটি ঘরে আশ্রয় নিয়েছিলেন। সেখানে অবস্থানকালে ব্যাপক বজ্রপাতের ঘটনা ঘটে। ফলে ঘটনাস্থলেই নিহত হন ১৭ জন। এই ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাকিব আল রাব্বি।