যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ু বিষয়ক দূত ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরি একদিনের সফরে ঢাকায় এসেছেন। শুক্রবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এসময় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, মূলত আগামী ২২-২৩ এপ্রিল বাইডেন’স লিডারস সামিট অন ক্লাইমেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সশরীরে আমন্ত্রণ জানানোর জন্যই জন কেরির ঢাকা সফর। করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে মাত্র কয়েক ঘণ্টার সফরে ঢাকায় আসা জন কেরি বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে আমন্ত্রণপত্র পৌঁছে দেবেন। এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন বাইডেনের এই বিশেষ দূত।
বিভিন্ন সূত্র জানিয়েছে, কেরির সঙ্গে আলোচনায় জলবায়ু পরিবর্তন সংক্রান্ত তহবিল গঠন, বাংলাদেশে গ্লোবাল সেন্টার ফর এডাপটেশনের আঞ্চলিক সহযোগিতাসহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হবে। এবছর গ্লাসগোতে অনুষ্ঠিতব্য কপ-২৬ শীর্ষ সম্মেলনে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সাইড ইভেন্ট করতে চায় বাংলাদেশ এবং বিষয়টি উত্থাপনের সুযোগ থাকবে কেরির এই সফরে। এছাড়া বাংলাদেশের নিজস্ব উদ্যোগে গঠিত ক্লাইমেট ট্রাস্ট ফান্ডে যুক্তরাষ্ট্র সহায়তা করতে পারে কিনা সেটি নিয়েও আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, উনি ক্লাইমেটের জন্য আসছেন। আমাদের প্রধানমন্ত্রীকে সামিটে আমন্ত্রণ জানাবেন, আমরা জয়েন করব। যেহেতু আমরা ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) চেয়ার, আমরা জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা ৪৮টি দেশকে রিপ্রেজেন্ট করি। জন কেরি এসে আমাদের সঙ্গে আলাপ করবেন। এটা আমাদের জন্য সুযোগ। সম্মেলনে আমরা কোন বিষয়গুলো তুলে ধরব সেটা ওনার সঙ্গে আলাপ করা যাবে। আমরা রোহিঙ্গা সমস্যার কথা অবশ্যই তুলব। এছাড়া জিএসপি উইথ-ড্র করার কথা তোলা হবে বলে জানান মন্ত্রী।
এটি জন কেরির দ্বিতীয় বাংলাদেশ সফর। এর আগে ২০১৬ সালে তিনি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ঢাকা সফর করেছিলেন।