নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় প্রস্রাব করতে গিয়ে বিদ্যুতের তার জড়িয়েে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। নিহত স্কুলছাত্রের নাম আয়াতুল ইসলাম (১৩)। নিহত আয়াতুল সাজিউড়া (পূর্বপাড়া) গ্রামের পুলিশ মিয়ার ছেলে। সে স্থানীয় সাজিউড়া উচ্চবিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে পড়ত। শুক্রবার দুপুরে উপজেলার চিরাং ইউনিয়নের সাজিউড়া বাজারে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে বাড়ির পাশে স্থানীয় সাজিউড়া বাজারের ফাঁকা জায়গায় প্রস্রাব করতে যায় স্কুলছাত্র আয়াতুল। এ সময় বাজারের একটি দোকান থেকে ফাঁকা জায়গার উপর দিয়ে পাশের অন্য একটি ক্লাবঘরে নেয়া বিদ্যুৎ লাইনের তারে জড়িয়ে সে মারাত্মক আহত হয়। পরে তাকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আয়াতুলকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুজ্জামান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা স্কুলছাত্রের লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করেছি এখন লাশ ময়নাদতন্তের জন্য হাসপাতালে পাঠানো হচ্ছে। তার জড়িয়ে মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নেয় হচ্ছে। মামলা হলে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করবো।