প্রতীকী। © সংগৃহীত
খিলগাঁও মডেল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ইসরাত জাহান মেহজাবিনের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। সম্প্রতি তার বিরুদ্ধে দু’দিন বয়সী বিড়ালের ছানা হত্যার অভিযোগ ছিল।
শুক্রবার পুলিশ ইসরাতকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে। তদন্তকারী কর্মকর্তা মুগদা থানার উপ-পরিদর্শক নয়ন দেবনাথ মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে ইসরাতের আইনজীবী তার জামিনের আবেদন করেন। তখন উভয় পক্ষের শুনানি করেন ঢাকা মহানগর হাকিম ধীমান ঘোষ। শুনানি শেষ করে হাকিম ইসরাতের জামিন আবেদন মঞ্জুর করেন। মুগদা থানার আদালতের নিবন্ধন কর্মকর্তা আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার তাকে গ্রেফতার করে মুগদা থানা পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, ইসরাত জাহান দুইদিনের একটি বিড়াল ছানাকে নির্মমভাবে হত্যা করে। এরপর হত্যার ওই ভিডিও ফেসবুকে পোস্ট করার মাধ্যমে ভাইরাল করে দেয়। ভিডিওটি ফেসবুক পাতায় কেয়ার ফর পাওয়াস নামে একটি সংগঠন দেখতে পান। সংগঠনটি বন্যপ্রাণী নিয়ে কাজ করে থাকেন। বিড়াল ছানা হত্যার অভিযোগ গঠন করে সংগঠনের মহাসচিব জাহিদ হাসান ইসরাতের নামে মামলা করেন।
মামলার ওই তদন্ত কর্মকর্তা আরো জানান, মেয়েটি খিলগাঁও মডেল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। তার দাবি সে ক্লাসের প্র্যাকটিকাল পরীক্ষার জন্য এ কাজ করেছিল। সে দুদিন আগে বিড়াল ছানাটি হত্যা করে।