ভাইরাল হওয়া ভিডিওর একটি দৃশ্য © ভিডিও থেকে সংগৃহীত
মাদারীপুরের রাজৈর থানার দুই সহকারী উপ-পরিদর্শককে (এএসআই) ক্লোজড করা হয়েছে। একাধিক নারীকে নিয়ে অশ্লীল নৃত্যের কয়েকটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হবার পর তাদের ক্লোজড করা হয়।
বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ মাসুদ খান।
অভিযুক্তরা হলেন, রাজৈর থানায় উপ-সহকারী পুলিশ পরিদর্শক মো. হাদিবুর রহমান (৪২) ও স্বপন অধিকারী (৪৫)।
ভাইরাল ভিডিও থেকে জানা যায়, মাদারীপুর জেলার রাজৈর থানায় দুই উপ-সহকারী পুলিশ পরিদর্শক মো. হাদিবুর রহমান ও স্বপন অধিকারীর চারটি ভিডিও ক্লিপ এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে দেখা যায় তারা একটি টিনশেট ঘরে মদ্যপ অবস্থায় একাধিক নারীকে নিয়ে নাচা-নাচি করছেন। একই কক্ষে এক নারীকে জড়িয়ে ধরে কোলে নিয়ে চুমু খাচ্ছেন। এ সময় সিগারেটের ধোয়া উঁচিয়ে গানের তালে তালে উল্লাস করছে। আবার কখনো যুবলীগের কয়েক নেতাও নাচে তাল দিচ্ছেন। সে কক্ষের খাটে বসে তাদের সঙ্গে নারীদের নৃত্য উপভোগ করছেন রাজৈর উপজেলা যুবলীগ নেতা রাহাত হোসেনও।
খোঁজ নিয়ে জানা যায়, রাজৈর উপজেলার কদমবাড়ি ইউনিয়নের নটাখোলা জগদীসের বাড়ি ও আনন্দপুরের ভবত শের বাড়ির সঙ্গে গ্যারেজে মাঝে মধ্যেই আসর বসান বিভিন্ন শ্রেণির বখাটেরা। যেখানে মদ, গাঁজাসহ অবৈধ কর্মকাণ্ডও চলে। অভিযোগ আছে, বিভিন্ন সময়ে পুলিশ সদস্যদের নিয়ে বেশ কয়েকজন পলাতক যুবলীগ নেতাও সেখানে অশ্লীল কর্মকাণ্ড করে থাকেন। এমন কয়েকটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার মুখে পরে পুলিশ বিভাগ।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ মাসুদ খান বলেন, দুদিন আগে রাজৈর থানার উপ-সহকারী পুলিশ পরিদর্শক মো. হাদিবুর রহমান ও স্বপন অধিকারীকে ক্লোজড করা হয়েছে। তাদের মদ্যপান করে নারীকে নিয়ে নাচের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরালের ঘটনায় ক্লোজড করা হয়েছে। পরে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে অভিযুক্ত হাদিবুর রহমান বলেন, ‘কিছুদিন আগে বন্ধুদের নিয়ে জন্মদিনের অনুষ্ঠানে একটু আনন্দ-ফুর্তি করেছি। কিন্তু সেটা ভিডিও করে কে ভাইরাল করল, বিষয়টি বুঝতে পারি নাই। আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রও হতে পারে। তবে আমি ভুল স্বীকার করছি, এ রকম কাজ আর কখনো করব না।’
অপর অভিযুক্ত স্বপন অধিকারী বলেন, ‘একটি জন্মদিনের অনুষ্ঠানে গিয়েছিলাম। ভিডিওতে যেটা দৃশ্যমান সেটাত দেখেছেন।’