ইনসেটে উদ্ধার হওয়া শিশু বায়জিদ © সংগৃহীত
রাজধানীর রূপনগর থেকে অপহরণের ১৮ দিন পর ৬ বছরের শিশু বায়জিদকে গাজীপুরের টঙ্গী থেকে জীবিত উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৪ (এসআরবি-৪)। মঙ্গলবার (৬ অক্টোবর) টঙ্গী পূর্ব থানাধীন এরশাদনগরের দত্তপাড়া এলাকার সম্মিলিত শিশু পুনর্বাসন কেন্দ্রের (বালক শাখা) ১ নম্বর ব্লক থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
রাজধানীর পাইকপাড়ায় এসআরবি-৪ কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান বাহিনীটির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।
এসআরবি-৪ জানায়, গত ১৮ সেপ্টেম্বর রাজধানীর রূপনগর থানাধীন দুয়ারীপাড়ার ব্লক-ক, রোড-১-এর ৩৬ নম্বর বাসা থেকে বায়জিদকে অপহরণ করা হয়। ঘটনার পর শিশুটিকে উদ্ধারে এসআরবি-৪-এর একটি আভিযানিক দল ছায়াতদন্ত শুরু করে।
তদন্তের অংশ হিসেবে বিভিন্ন স্থানের সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা, তথ্যপ্রযুক্তির ব্যবহার এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শিশুটির অবস্থান শনাক্তের চেষ্টা চালানো হয়। একপর্যায়ে ঘটনাটি অপহরণের বলে নিশ্চিত হওয়ার পর শিশুটির অবস্থান শনাক্ত করে মঙ্গলবার টঙ্গী থেকে তাকে জীবিত উদ্ধার করা হয়।
এসআরবি-৪ জানায়, মামলার এজাহার অনুযায়ী, বায়জিদের বাবা রিকশাচালক এবং মা বিভিন্ন বাসাবাড়িতে গৃহকর্মীর কাজ করেন। গত ১৮ সেপ্টেম্বর সকালে শিশুটির মা বায়জিদ ও তার বাবাকে বাসায় ঘুমন্ত অবস্থায় রেখে কাজে বেরিয়ে যান। পরে দুপুরে ঘুম থেকে উঠে বায়জিদের বাবা দেখতে পান, শিশুটি বাসায় নেই।
এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও বায়জিদের সন্ধান না পেয়ে তার বাবা রূপনগর থানায় মামলা করেন। শিশুটিকে উদ্ধারের পর অপহরণের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে এসআরবি-৪।