কলেজের জমি দখল করে নির্মাণ হচ্ছে দোকান

২৭ ডিসেম্বর ২০২৪, ০৮:৫২ AM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২৮ PM
কলেজের ভেতরে নির্মাণাধীন দোকান

কলেজের ভেতরে নির্মাণাধীন দোকান © সংগৃহীত

বরিশালের উজিরপুর উপজেলার হাজী তাহের উদ্দিন ইসলামিয়া ডিগ্রি কলেজের জমি দখল করে পাকা দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে। এই বিষয়ে কলেজ কর্তৃপক্ষ জমি রক্ষায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছে এবং উচ্চ আদালতের নির্দেশে জমিতে নির্মাণকাজ বন্ধ রাখতে বলা হয়েছে। 

জানা যায়, ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত এই কলেজটির ১ একর ৬৯ শতাংশ জমি রয়েছে। কলেজ কর্তৃপক্ষের অভিযোগ, স্থানীয় ইউসুফ মল্লিক আদালতে দেওয়ানি মামলা করে কলেজের জমি দখলের চেষ্টা করেন। কলেজ কর্তৃপক্ষ পাল্টা মামলা করলে মল্লিক পরিবার সীমানাপ্রাচীরের ভেতরে দোকানঘর নির্মাণ শুরু করে।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান বলেন, ‘ওই জমিতে টিনশেড ঘরে ২০০০ সাল থেকে ডিগ্রির ক্লাস চলত। ২০২৩ সাল থেকে ইলিয়াস মল্লিক ও এখলাস মল্লিক গং ঘরটি দখলের পাঁয়তারা করেন। তখন থেকে এ জমি তাঁরা বলেন তাঁদের; কিন্তু আমরা দাবি করছি আমাদের।

অধ্যক্ষ জানান, কলেজে প্রায় ৫০০ ছাত্রছাত্রী রয়েছে। প্রতিষ্ঠানের স্বার্থে তিনি ১০ ডিসেম্বর হাইকোর্টের আদেশ অনুযায়ী নির্মাণকাজ বন্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে চিঠি দিয়েছেন।

দখলদার এখলাস মল্লিক জানান, আদালত স্থিতাবস্থা দিলেও শীতকালীন ছুটির মধ্যে তিনি নির্মাণের বাকি কাজ সম্পন্ন করে ফেলবেন। তিনি বলেন, ‘এটা আমার বাপ-দাদার সম্পত্তি। কলেজ কর্তৃপক্ষ যদি কাগজ দেখাতে পারেন, তবে ছেড়ে দেব। এই কলেজের ভবন আমার বাবা দান করেছেন। এটা রাস্তার পাশের জমি। কলেজের সভাপতি জাকির, কাইউমসহ একটি চক্র এ জমি নিয়ে আমার বিরুদ্ধে একাধিক মামলা দিয়েছেন।’

ঘটনাস্থল পরিদর্শন করা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হাসনাত জাহান খান বলেন, ‘কলেজটি পরিদর্শন করেছি। কাগজপত্র যাচাই-বাছাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে কাজ বন্ধ রাখার জন্য বলা হয়েছে।’

এই বিষয়ে ইউএনও মো. আলী সুজা বলেন, ‘কলেজের জমিতে যে স্থাপনা করা হচ্ছে, সেখানে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে আদালতের নির্দেশে। আমরা নির্মাণকাজ বন্ধ রাখতে বলেছি। দুই পক্ষের কাগজপত্র যাচাই-বাছাই করে জমির মালিকানা নির্ধারণ করা হবে।’

ট্যাগ: কলেজ
তারেক রহমানের সভা ঘিরে ফাঁকা খুবি কর্মকর্তাদের দপ্তর, সেবা …
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
নকআউট পর্বে ভারতের মুখোমুখি হলে যা করবে পাকিস্তান
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
হাতে কলমে গবেষণা প্রশিক্ষণ মডেল উপস্থাপন করল রাইটিং এক্সপার…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
গ্রিন ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
মঙ্গলবার বাজারে আসছে ১০ টাকার নতুন নোট
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
বিসিবি সভাপতিকে নিয়ে আসিফ আকবরের আবেগঘন পোস্ট
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬