© ফাইল ফটো
সরকারি চাকরিতে কোটা সংস্কারের বিষয়টি বর্তমানে আদালতে রয়েছে। আদালত থেকে সমাধান না আসলে কিছুই করার নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, এটাই বাস্তবতা। এই বাস্তবতা কোটা সংস্কার নিয়ে আন্দোলনকারীদের মানতে হবে।
আজ রবিবার বিকেলে গণভবনে চীন সফর নিয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি প্রশ্ন রেখে এসব কথা বলেন।
এই বাস্তবতা না মানলে কিছুই করার নেই উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, রাজপথে আন্দোলন করছে। করতেই থাকুক। তবে তারা আন্দোলনের নামে ধ্বংসাত্মক কোনো কাজ করতে পারবে না।
“যতক্ষণ তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করে যাচ্ছে, কেউ কিছু বলছে না। তবে তারা কোনো ধ্বংসাত্মক কাজ করতে পারবে না। এর বাইরে (শান্তিপূর্ণ আন্দোলন) কিছু করলে, পুলিশের গায়ে হাত দেওয়া বা পুলিশের গাড়ি ভাঙা—এগুলো করতে যদি যায়, তখন আইন তার আপন গতিতে চলবে।”
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনকারীদের উদ্দেশে বলেন, আদালত তাদের সুযোগ দিয়েছে। তারা আদালতে যাক, বলুক।