থাইল্যান্ড সফর শেষে আজ দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

২৯ এপ্রিল ২০২৪, ০৮:৪৮ AM , আপডেট: ০৪ আগস্ট ২০২৫, ০৪:০৮ PM
আজ দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

আজ দেশে ফিরছেন প্রধানমন্ত্রী © সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাইল্যান্ডে ছয় দিনের সরকারি সফর শেষে আজ সোমবার ব্যাংকক থেকে দেশে ফিরবেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, প্রধানমন্ত্রীর আজ সকালে (স্থানীয় সময়) ব্যাংকক ত্যাগের কথা রয়েছে।

গত ২৪ এপ্রিল শেখ হাসিনা থাই প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিনের আমন্ত্রণে দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদারে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় উভয় সফরের অংশ হিসেবে বিকেলে ব্যাংকক পৌঁছান। ডন মুয়াং আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। সেখানে প্রধানমন্ত্রীকে ১৯ বার তোপধ্বনি ও গার্ড অব অনার দেওয়া হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সফরকে ‘প্রতিবেশী নীতির’ ওপর বৃহত্তর ফোকাসের অংশ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, এ সফর দুই দেশের সম্পর্ককে আরও গভীর করার ক্ষেত্রে অনেকদূর এগিয়ে নিয়ে যাবে।

থাই প্রধানমন্ত্রী আয়োজিত মধ্যাহ্নভোজ সভায় শেখ হাসিনা বলেন, তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন এ সফর দ্বিপক্ষীয় সম্পর্কের পূর্ণ সম্ভাবনার বিকাশে অত্যন্ত প্রয়োজনীয় অনুপ্রেরণা জোগাবে। তিনি আরও বলেন, ‘সরকারি এ সফর আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে একটি মাইলফলক হয়ে থাকবে। এটি আমাদের দুই দেশের মধ্যে ফলপ্রসূ অংশীদারত্বের একটি নতুন যুগের সূচনা করেছে। আমাদের জনগণ ও দেশের পারস্পরিক সুবিধার জন্য আগামীতেও সম্পর্কের নবায়নের এ গতিকে আমাদের ধরে রাখতে হবে।’

সফর চলাকালে ২৬ এপ্রিল বাংলাদেশের প্রধানমন্ত্রী থাই প্রধানমন্ত্রী থাভিসিনের সঙ্গে গভর্নমেন্ট হাউজে (প্রধানমন্ত্রীর কার্যালয়) দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। উভয় নেতার উপস্থিতিতে দক্ষিণ-পূর্ব এশিয়া এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে পাঁচটি দ্বিপক্ষীয় নথি সই হয়। নথিগুলো হচ্ছেশ্ব একটি চুক্তি, তিনটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং একটি অভিপ্রায়পত্র।

নথির মধ্যে সরকারি পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি সংক্রান্ত চুক্তি, জ¦ালানি সহযোগিতা, শুল্ক বিষয়ে সহযোগিতা ও পারস্পরিক সহায়তা এবং পর্যটন ক্ষেত্রে সহযোগিতাবিষয়ক এমওইউ এবং ২০২৪ সালের মধ্যে একটি মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনা সংক্রান্ত অভিপ্রায়পত্রও রয়েছে।

শেখ হাসিনা গভর্নমেন্ট হাউজে থাই প্রধানমন্ত্রীর দেওয়া আনুষ্ঠানিক মধ্যাহ্নভোজেও যোগ দেন। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে থাই কুহ ফাহ ভবনের সামনের উন্মুক্ত স্থানে উষ্ণ লাল গালিচা অভ্যর্থনা জানানো হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৫ এপ্রিল জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (ইউএনএসক্যাপ) ৮০তম অধিবেশনে যোগ দেন। এ অধিবেশনে দেওয়া ভাষণে তিনি সব বিশ্বনেতাকে যুদ্ধ, আক্রমণ এবং আগ্রাসন বন্ধ করার আহ্বান জানিয়ে যুদ্ধকে ‘না’ বলার আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেছেন, টেকসই উন্নয়নের পূর্বশর্ত হচ্ছে স্থায়ী শান্তি ও নিরাপত্তা। তিনি আলাপ-আলোচনার মাধ্যমে আঞ্চলিক বিরোধ ও উত্তেজনা নিরসনের ওপর গুরুত্বারোপ করে বলেন, সংলাপ শান্তি আনতে পারে।

জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল এবং এসক্যাপের নির্বাহী সচিব আরমিদা সালসিয়াহ আলিসজাবানা ইউএনএসক্যাপ সম্মেলনস্থলে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। একই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুসিত প্রাসাদের অ্যামফোর্ন সাথার্ন থ্রোন হলে থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্ন ফ্রা ভাজিরা-ক্লাওচা-উয়ুয়া এবং রানী সুথিদা বজ্রসুধা-বিমলা-লক্ষ্মণের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। 

বাসস

১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করছে…
  • ০৭ মার্চ ২০২৬
ইবি শিক্ষিকা হত্যার ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন
  • ০৭ মার্চ ২০২৬
শুধু আকাশ নয়, মাটি পর্যবেক্ষণেই মিলবে ঝড়-বজ্রপাতের পূর্বাভাস
  • ০৭ মার্চ ২০২৬
বিএনপি রাষ্ট্রপতি পরিবর্তন করবে?
  • ০৭ মার্চ ২০২৬
জ্বালানি তেল পাচার ঠেকাতে হবিগঞ্জ সীমান্তে বিজিবির তল্লাশি …
  • ০৭ মার্চ ২০২৬
ঈদের কেনাকাটা করতে গিয়ে এক রাতে রাজধানীতে প্রাণ হারালেন ৪ জন
  • ০৭ মার্চ ২০২৬