হাসপাতালে চিকিৎসাধীন মাদ্রাসাছাত্ররা © সংগৃহীত
খাবারে বিষক্রিয়ায় গাইবান্ধা শহরের ফোরকানিয়া হাফিজিয়া মাদরাসার চিকিৎসাধীন ১৬ শিক্ষার্থীর মধ্যে চারজনের অবস্থার অবনতি হয়েছে। তাদের উন্নত চিকিৎসার জন্য গাইবান্ধা সদর হাসপাতাল থেকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে রেফার করা হয়েছে।
ওই চারজন ছাত্র হলেন, হাসান (১০), হোসাইন (১০), তারেক (১২) ও মোজাহেদুল (১০)। এদের মধ্যে হাসান ও হোসাইন দুই জমজ ভাই।
বুধবার (৬ ডিসেম্বর) সকালে গাইবান্ধা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) এএসএম রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে ফুড খাবারে বিষক্রিয়ায় অসুস্থ ১৬ জন শিক্ষার্থীকে গাইবান্ধা সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি করা হয়।
গাইবান্ধা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) এএসএম রুহুল আমিন বলেন ‘রংপুরে রেফার করা চার ছাত্রের ১০৪ ডিগ্রির ওপরে জ্বর এবং অতিরিক্ত পায়খানার সঙ্গে বমি, যা অস্বাভাবিক। কেননা ১০৪ ডিগ্রির বেশি জ্বর হলে শ্বাসকষ্টের সঙ্গে অতিরিক্ত খিঁচুনি হওয়ার আশঙ্কা রয়েছে। তখন আইসিইউ সাপোর্ট লাগবে। যা আমাদের হাসপাতালে নেই। ফলে তাদেরকে রংপুর মেডিকেলে রেফার করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘মঙ্গলবার সকালে গাইবান্ধার ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা থেকে ১৬ জন ছাত্র ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসে। অবস্থা পর্যবেক্ষণ করে তাদের সবাইকে ভর্তি নেয়া হয়েছে। হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে তাদের চিকিৎসা চলছে।’