হাকিমপুরী জর্দার ব্যবসায়ী মো. কাউছ মিয়া © সংগৃহীত
দেশের সেরা করদাতাদের তালিকায় টানা ১৫ নির্বাচিত হয়েছেন পুরান ঢাকার হাকিমপুরী জর্দার ব্যবসায়ী মো. কাউছ মিয়া। মঙ্গলবার (৫ ডিসেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২০২২-২৩ করবর্ষের সেরা করদাতাদের নাম প্রকাশ করেছে। সেখানে ব্যবসায়ী ক্যাটাগরিতে এবারও সেরা করদাতা নির্বাচিত হয়েছেন হাকিমপুরী জর্দা প্রস্তুতকারী কোম্পানির স্বত্বাধিকারী কাউছ মিয়া।
চলতি বছর এনবিআর ১৪১ ব্যক্তি, কোম্পানি ও প্রতিষ্ঠানকে বিভিন্ন ক্যাটাগরিতে ‘সেরা করদাতা’ হিসেবে ট্যাক্সকার্ড দেবে। মো. কাউছ মিয়া গত বছর ‘সিনিয়র সিটিজেন বা বয়স্ক নাগরিক’ শ্রেণিতে সেরা করদাতা হয়েছিলেন। তার আগের বছরও সেরা করদাতা হয়েছিলেন তিনি।
গত ৬২ বছর ধরে কর দিয়ে আসা কাউছ মিয়া ২০০৮ সাল থেকে করদাতাদের মধ্যে সেরা করদাতা হয়ে আসছেন। চাঁদপুর জেলার রাজরাজেশ্বর গ্রামে (ব্রিটিশ আমলের ত্রিপুরা) ১৯৩১ সালের ২৬ আগস্ট জন্মগ্রহণ করেন কাউছ মিয়া। বাবার অনিচ্ছা সত্ত্বেও তিনি মায়ের কাছ থেকে টাকা নিয়ে ১৯৫০ সালে চাঁদপুরের পুরান বাজারে মুদি দোকান দেন। পরে ধীরে ধীরে ১৮টি ব্র্যান্ডের সিগারেট, বিস্কুট ও সাবানের এজেন্ট ছিলেন।
এরপর ২০ বছর তিনি চাঁদপুরেই ব্যবসা করেন। ১৯৭০ সালে নারায়ণগঞ্জে চলে আসেন এবং তামাকের ব্যবসা শুরু করেন। বর্তমানে ৪০ থেকে ৪৫ ধরনের ব্যবসার সঙ্গে জড়িত তিনি। তবে তার মূল ব্যবসা তামাক বেচা-কেনা।
এ বছর আরও যারা সেরা করদাতা হিসেবে নির্বাচিত হয়েছেন তারা হলেন—গাজী গোলাম মূর্তজা, ওয়ালটন গ্রুপের এস এম আশরাফুল আলম, এস এম শাসছুল আলম ও এস এম মাহবুবুল আলম।