বাড়াবাড়ি করলে নির্বাচন কমিশন ঘেরাও করে দিনরাত বসে থাকব: জামায়াত আমির

২৪ অক্টোবর ২০২৬, ০১:২২ AM
 জামায়াত আমির শফিকুর রহমান

জামায়াত আমির শফিকুর রহমান © টিডিসি ছবি

নির্বাচনে কোনো ধরনের কারসাজি বা বাড়াবাড়ির চেষ্টা করা হলে পুরো নির্বাচন কমিশন ঘেরাও করে দিনরাত অবস্থান করার হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ভোট পাহারা দেওয়া, ভোট গণনা করা এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী ফলাফল পৌঁছে দেওয়ার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। নির্বাচনে কাউকে বাড়াবাড়ি করতে দেওয়া হবে না বলেও ঘোষণা দেন তিনি।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সদস্য (রুকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘পাঁচ সাতটা ফ্যাক্টরের কথা শুনেন না ওরা হারায় দিছে, ওরা হারায়ে দিছে। সবকিছু একদম জোয়ারের মত ভেসে যাবে। এই জায়গাটা ঠিক রাখতে হবে ইনশাল্লাহ। ভোটের জন্য খুব বেশি কষ্ট করা লাগবে না। ভোট পাহারা দেওয়া আর গণনা করে, রেজাল্টটা জনগণের প্রত্যাশা অনুযায়ী তাদের কাছে পৌঁছায় দেওয়ার ব্যবস্থাটা করতে হবে। এবার আমাদের স্পষ্ট ঘোষণা বাড়াবাড়ি করলে পুরা নির্বাচন কমিশন দিন রাত ঘেরাও করে বসে থাকব।’

তিনি আরও বলেন, ‘কাউকে বাড়াবাড়ি করতে দেয়া হবে না। এই দেশটা কোনো দলের কাছে বা আমাদের কাছেও ইজারা দেওয়া হয়নি। এদেশের জনগণ ঠিক করবে দেশটা কারা চালাবে? সমাজ কারা চালাবে? এই সমাজে কেউ অবলীলায় অন্যায় করে, বেপরোয়া হয়ে সমাজকে ডুবে দেওয়ার চেষ্টা করবে। আর আমরা বসে বসে তামসা দেখব এটা আর হবে না।’

সম্মেলনে জামায়াতে ইসলামীর সাংগঠনিক অগ্রগতি তুলে ধরে দলটির আমির বলেন, ৩০০ জন সদস্য নিয়ে যাত্রা শুরু করা জামায়াতে ইসলামী আজ বাংলাদেশের ঘরে ঘরে পৌঁছে গেছে। রাজনীতিতে জনগণের আস্থা অর্জন সবচেয়ে বড় সাফল্য উল্লেখ করে তিনি বলেন, জামায়াতে ইসলামী এ দেশের জনগণের আস্থাশীল একটি রাজনৈতিক আদর্শিক সংগঠন।

দলের অতীত ও ঐতিহ্যের কথা উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী কখনো ইসলাম ও মানবতার বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেয়নি। ইসলামের নীতিমালা অনুসরণ করার কারণেই এ দেশের জনগণের মধ্যে দলটির প্রতি আস্থা তৈরি হয়েছে বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, শুধু একাত্তর নয়, ২০২৪ সালের পরও জামায়াতে ইসলামীর বিরুদ্ধে বিভিন্ন ধরনের ন্যারেটিভ তৈরি করে অপপ্রচার চালানো হচ্ছে। তবে জনগণ এসব ন্যারেটিভ গ্রহণ করেনি; বরং যারা ন্যারেটিভ তৈরি করেছে, তাদের প্রত্যাখ্যান করেছে। অনেক সময় জামায়াতের বিরুদ্ধে অপপ্রচারকারীরা নিজেরাই নিজেদের বিরুদ্ধে ফতোয়া দেন বলেও মন্তব্য করেন তিনি।

জামায়াতে ইসলামীর বিরুদ্ধে অপপ্রচার ও মনগড়া ফতোয়া দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে দলটির আমির বলেন, জামায়াতের কার্যক্রমের চেয়ে ভালো কোনো কার্যক্রম অন্য কেউ পরিচালনা করতে পারলে দলটি তাদের বিরোধিতা না করে সহযোগিতা করবে, ইনশাআল্লাহ।

রাজনৈতিক কৌশল প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, রাসুল (সা.) দুটি যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করলেও অন্য যুদ্ধে কৌশল অবলম্বন করে বিপরীত দিক থেকে বিজয় অর্জন করেছিলেন। বিজয়ের অন্যতম শর্ত কৌশল অবলম্বন করা। রাজনৈতিক কৌশলকে তারাই গুপ্ত বলে, যারা দেশের সংকটকালে কৌশল অবলম্বন করতে ব্যর্থ হয়ে বিদেশে পালিয়ে যায় বলে মন্তব্য করেন তিনি।

জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার চারটি আসনে জামায়াতের বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছিল বলে অভিযোগ করেন বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, ঢাকাবাসীকে চাঁদাবাজদের হাত থেকে রক্ষা করতে আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে প্রতিটি ওয়ার্ডে জনগণের বিজয় নিশ্চিত করতে হবে। নির্বাচনে আবারও কোনো ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা হলে তাৎক্ষণিকভাবে প্রতিহত করা হবে বলেও সতর্ক করেন তিনি।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বলেন, শুধু স্লোগান দিয়ে বিপ্লব হয় না। বিপ্লবের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হয়। জুলাই-পরবর্তী রাষ্ট্র সংস্কার না করে সরকার জাতিকে আরেকটি অনিবার্য বিপ্লবের দিকে ঠেলে দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

জনগণ রাজপথে নেমে এলে পরবর্তী বিপ্লব কেউ ঠেকাতে পারবে না উল্লেখ করে তিনি সরকারকে সতর্ক করে বলেন, জনগণ রাজপথে নামার আগে গণভোটের গণরায় মেনে জুলাই সনদ বাস্তবায়নের পথ তৈরি করলে সরকারই উপকৃত হবে।

জামায়াতে ইসলামীর রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার লক্ষ্য ব্যাখ্যা করে এটিএম আজহারুল ইসলাম বলেন, ‘আমরা জামায়াতে ইসলামীকে ক্ষমতায় নিতে চাই না। আমরা ইসলামের বিজয়ের জন্য জামায়াতে ইসলামীকে রাষ্ট্রীয় ক্ষমতায় চাই। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে এদেশে নামাজ কায়েম হবে, যাকাত আদায় হবে, মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হবে। সমাজে মাদক, সন্ত্রাস-চাঁদাবাজ থাকবে না। ফলে সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে।’

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় ও সর্ববৃহৎ ইসলামী দল হচ্ছে জামায়াতে ইসলামী। জনগণ জামায়াতকে রাষ্ট্র পরিচালনার জন্য ভোট দিয়ে নির্বাচিত করলেও ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে দলটির বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছিল বলে তিনি দাবি করেন।

তিনি বলেন, আসন্ন সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকারের কোনো নির্বাচনেই ফলাফল ইঞ্জিনিয়ারিং করতে দেওয়া হবে না।

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, দলের জনকল্যাণমূলক কার্যক্রম সমাজের প্রতিটি স্তরে পৌঁছে দিতে হবে। সমাজ সংস্কারের লক্ষ্য নিয়ে পরিচালিত কার্যক্রম জনগণের কাছে তুলে ধরতে হবে। স্থানীয় সরকার নির্বাচনে জনগণের বিজয় নিশ্চিত করতে আপসহীন ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের বিজয় যাতে কেউ ছিনিয়ে নিতে না পারে, সে জন্য ঢাকাবাসীকে সঙ্গে নিয়ে প্রস্তুত থাকতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫ বছরের ইতিহাসে বর্তমান ডাকসু যেভাবে শিক্ষার্থীদের জন্য কাজ করেছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনগণ নির্বাচিত করলে একইভাবে নগরবাসীকে একটি আধুনিক সিটি করপোরেশন উপহার দেওয়া হবে। ঢাকাকে নিরাপদ ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে তিনি নগরবাসীর সহযোগিতা কামনা করেন।

ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের আমির ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল এমপির সভাপতিত্বে সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি।

সম্মেলনে আরও বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন এমপি ও মো. মোবারক হোসাইনসহ অন্যান্য নেতারা। এ সময় সংগঠনটির কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

‘ন্যাশনাল কালচারাল ক্যানভাস’ আয়োজন করছে ‘সায়েন্স স্পার্ক’
  • ২৪ অক্টোবর ২০২৬
বাড়াবাড়ি করলে নির্বাচন কমিশন ঘেরাও করে দিনরাত বসে থাকব: জাম…
  • ২৪ অক্টোবর ২০২৬
ঢাবিতে প্রতি শনিবার ‘ক্যাম্পাস ক্লিনিং ডে’ কর্মসূচি পালন কর…
  • ২৪ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জ জেলা আ.লীগ থেকে পদত্যাগ করলেন সাবেক উপজেলা চেয়ারম…
  • ২৪ অক্টোবর ২০২৬
বাস-অটোরিকশা সংঘর্ষে বাবা-মেয়ের মৃত্যু, বাসে আগুন
  • ২৪ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় হামলা-ভাঙচুরসহ ১৭ লাখ টাকা লুটের অভিযোগ অধ্যক্ষের
  • ২৪ অক্টোবর ২০২৬