‘থার্টি ফার্স্টে’ সন্ধ্যা ছয়টার পর উন্মুক্ত স্থানে অনুষ্ঠান নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

০৫ ডিসেম্বর ২০২৩, ০৭:২৬ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৮ PM

© সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ‘থার্টি ফার্স্ট নাইটে’ (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ছয়টার পর ঢাকা মহানগরসহ দেশের কোথাও উন্মুক্ত স্থানে কোনো ধরনের অনুষ্ঠানের অনুমতি দেওয়া হবে না।

আজ মঙ্গলবার সচিবালয়ে বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট সামনে রেখে আইনশৃঙ্খলাবিষয়ক এক সভায় এই সিদ্ধান্ত হয়। সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে। সে জন্যই এই বিধিনিষেধ দেওয়া হচ্ছে। তিনি বলেন, যাঁরা অনুষ্ঠান (থার্টি ফার্স্ট নাইট) করবেন, তাঁরা ঘরের ভেতর করবেন। বাইরে কাউকে আলাদাভাবে কিছু করতে দেওয়া হবে না। ওই দিন সন্ধ্যার পর থেকে ঢাকা মহানগরীসহ দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ চেকপোস্ট (তল্লাশিচৌকি) থাকবে।

আসাদুজ্জামান খান বলেন, বারগুলো (পানশালা) প্রতিবারই থার্টি ফার্স্ট নাইটে বন্ধ রাখা হয়। এবারও বন্ধ রাখার ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে জোরে বাঁশি বাজানো, পটকা ফোটানো, আতশবাজি কিংবা ফানুস ওড়ানো থেকে বিরত থাকার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।

বড়দিন উপলক্ষে গির্জাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকায় যেকোনো ধরনের নাশকতা রোধে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হচ্ছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ওই সময় নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সভায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ট্যাগ: উৎসব
এইচএসসি পাসেই সেলস অফিসার নেবে স্কয়ার ফুড, আবেদন শেষ ১৮ এপ্…
  • ১৪ এপ্রিল ২০২৬
রাজধানীতে একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম, প্রাণ হারালেন কলে…
  • ১৪ এপ্রিল ২০২৬
পিরোজপুরে নানা আয়োজনে উদযাপিত হচ্ছে পহেলা বৈশাখ
  • ১৪ এপ্রিল ২০২৬
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল যুক্তরাষ্ট্র
  • ১৪ এপ্রিল ২০২৬
কুয়েটে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা, ক্যাম্পাসজুড়ে উৎসবের আমেজ
  • ১৪ এপ্রিল ২০২৬
লেবাননে ইসরায়েলি সেনা নিহত, নিশ্চিত করল আইডিএফ
  • ১৪ এপ্রিল ২০২৬