© সংগৃহীত
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম এক হাজার ৭৫০ টাকা বাড়িয়ে নতুন দাম এক লাখ ৯ হাজার ৮৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে কখনো দেশের বাজারে স্বর্ণের দাম এত হয়নি।
বুধবার (২৯ নভেম্বর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের মূল্যবৃদ্ধির তথ্য জানায়।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) থেকে এই দাম কার্যকর করা হবে বলেও জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়েছে। সে কারণে স্বর্ণের দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস।
নতুন মূল্য অনুযায়ী ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম বেড়ে এক লাখ চার হাজার ৮৫৯ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৮৯ হাজার ৯২৯ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ৭৪ হাজার ৯৪১ টাকা করা হয়েছে।
তবে স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের রুপার দাম ভরি এক হাজার ৭১৫ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ভরি এক হাজার ৬৩৩ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ভরি এক হাজার ৪০০ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম এক হাজার ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে চলতি মাসের ২৬ নভেম্বর দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম উঠেছিল সোনার। তখন ভালো মানের স্বর্ণের (২২ ক্যারেট) দাম হয়েছিল এক লাখ আট হাজার ১২৫ টাকা।