হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থীরা © সংগৃহীত
হবিগঞ্জের একটি বিদ্যালয়ে রোদে দাঁড়িয়ে বক্তব্য শুনতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন ১৭ শিক্ষার্থী। তাদের মধ্যে তিনজনকে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতাল ও বাকীদের বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বুধবার (২৩ নভেম্বর) জেলার বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে।
অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে ১১ জন নবম শ্রেণির, চারজন অষ্টম শ্রেণির ও দুইজন ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা গেছে, বুধবার সকাল ১০টায় বিদ্যালয়ের মাঠে অ্যাসেম্বলি শুরু হয়। এসময় জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ ও উপজেলা শিক্ষা কর্মকর্তা কাওছার শোকরানা শিক্ষার্থীদের উদ্দেশ্যে কথা বলছিলেন। সেজন্য শিক্ষার্থীরা অন্যদিনের তুলনায় ১৫ মিনিটি বেশি সময় রোদে দাঁড়িয়ে থাকতে হয়। সকাল ১১টার দিকে একজন ছাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। এরপর আরও ১৬ জন ছাত্রী একইভাবে অসুস্থ হলে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মাসুদা জান্নাত জানান, যাদের হাসপাতালে নিয়ে আসা হয়েছে তাদের প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে। অনেকের চোখ ব্যথা করছে। আহতদের মধ্যে তিনজন জেলা সদরের হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
ঘটনার বিষয়ে জানতে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ ও উপজা শিক্ষা কর্মকর্তা কাওছার শোকরানার ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও তারা ফোন রিসিভ করেননি।