‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্টে গায়ক হাসানকে লক্ষ্য করে বোতল ছুড়ে মারলেন দর্শক

০৭ আগস্ট ২০২৬, ০৩:০৪ PM
লাল বৃত্তের হাসানকে লক্ষ্য করে পানির বোতল

লাল বৃত্তের হাসানকে লক্ষ্য করে পানির বোতল © সংগৃহীত

ঐতিহাসিক জুলাইয়ের স্মৃতি, গণআন্দোলনের চেতনা এবং ঐক্যবদ্ধ সাংস্কৃতিক প্রতিবাদের বার্তা ধারণ করে জুলাই গণ–অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা-সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হয়েছে ওপেন এয়ার কনসার্ট ‘বর্ষা বিপ্লবের গান’। কনসার্টে গান পরিবেশনের সময় আর্ক ব্যান্ডের ভোকালিস্ট হাসানকে লক্ষ্য করে পানির বোতল ছুড়ে মারার ঘটনা ঘটেছে। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। শিল্পীর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতার অভিযোগও তুলেছেন অনেকে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মঞ্চে গান গাওয়ার সময় দর্শক সারি থেকে হাসানকে লক্ষ্য করে পানির বোতল ছোড়া হয়। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সংগীতাঙ্গনের অনেকেই।

সংগীত পরিচালক প্রিন্স মাহমুদ ফেসবুকে লেখেন, মঞ্চে শিল্পী হাসান গান পরিবেশন করার সময় কিছু ব্যক্তি তাকে লক্ষ্য করে বোতল ছুড়ে মারেন। একই সঙ্গে সামনের সারি থেকে ‘ভুয়া, ভুয়া’ বলে স্লোগান দেওয়া হচ্ছিল। কারা এবং কী উদ্দেশ্যে এমন কাজ করেছে, সেটি খুঁজে বের করা প্রয়োজন। তার ভাষায়, সেখানে বড় ধরনের দুর্ঘটনাও ঘটতে পারত। অনুষ্ঠানস্থলে থাকা সিসিটিভি ও মোবাইল ফোনের ভিডিও দেখে জড়িতদের সহজেই শনাক্ত করা সম্ভব।

তিনি আরও লেখেন, মঞ্চে পারফর্ম করা শিল্পীর সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা যেকোনো সফল আয়োজনের প্রধান শর্ত। আয়োজকেরা সেই দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন কি না, সেটিও প্রশ্নের বিষয়।

প্রিন্স মাহমুদের ওই পোস্টে অভিনয়শিল্পী মিশা সওদাগর মন্তব্য করেন, ‘ভাই, আমাদের সবার এক হওয়া উচিত।’ সংগীতশিল্পী রবি চৌধুরী লেখেন, ‘খুবই দুঃখজনক।’ আর সংগীতশিল্পী লুৎফর হাসান লেখেন, ‘এদের চিহ্নিত করা কঠিন না। শাস্তি হোক, দেখতে চাই।’

এ ছাড়া সংগীতশিল্পী তানভীর তারেক পৃথক এক পোস্টে লেখেন, প্রিয় শিল্পী হাসানকে অপমান করার চেষ্টা করা হয়েছে। আজ তাকে, কাল অন্য কাউকে টার্গেট করা হতে পারে। এ ধরনের ঘটনার প্রশ্রয় দেওয়া হলে তা আরও বাড়বে। প্রশাসনের উচিত জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা।

‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্টটির আয়োজন করে মুনসুন কালচারাল অ্যালায়েন্স।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) ফজলুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, শিল্পী হাসানের ওপর বোতল ছুড়ে মারার বিষয়ে এখন পর্যন্ত কেউ পুলিশের কাছে অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ফেনী সীমান্তে ৫৭ কেজি গাঁজাসহ ভারতীয় পণ্য জব্দ
  • ০৭ আগস্ট ২০২৬
গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: স্থানীয় সরক…
  • ০৭ আগস্ট ২০২৬
‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্টে গায়ক হাসানকে লক্ষ্য করে বোতল …
  • ০৭ আগস্ট ২০২৬
দেশে ফিরে আইনের পথেই হাঁটুক শেখ হাসিনা: আইনমন্ত্রী
  • ০৭ আগস্ট ২০২৬
শিঙাড়া-সমুচা দেখলেই লোভ সামলানো দায়, জেনে নিন সহজ সমাধান
  • ০৭ আগস্ট ২০২৬
বুটেক্সে ছাত্রদলের হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের সাত দফা দ…
  • ০৭ আগস্ট ২০২৬