মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৫ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

২৭ অক্টোবর ২০২৬, ০৬:০৮ PM
অধ্যাপক মাকসুদ কামাল ও অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল

অধ্যাপক মাকসুদ কামাল ও অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল © সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য অধ্যাপক মাকসুদ কামাল ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালসহ পাঁচজনকে আত্মসমর্পণ করতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। মঙ্গলবার (২৭ অক্টোবর) ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

এর আগে গত ২০ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে প্রসিকিউশনের দেওয়া অভিযোগ আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। মঙ্গলবার সকালে এ মামলায় গ্রেপ্তার তিন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

এ বিষয়ে প্রসিকিউটর মইনুল করিম বলেন, ‘আগেই পাঁচ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের ঠিকানায় গিয়ে খুঁজে পায়নি। পরে আসামিদের আত্মসমর্পণ করতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেওয়া হয়েছে।’

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ১ জুলাই থেকে শুরু হওয়া বৈষম্যবিরোধী আন্দোলন দমনে তৎপর হন তৎকালীন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল করিম শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতসহ সংগঠনটির অন্যান্য নেতাকর্মী।

অভিযোগে বলা হয়, ১৩ জুলাই আসামি জামাল উদ্দিন মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের সভাপতি ও মুখপাত্র হিসেবে এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মুক্তিযুদ্ধ মঞ্চের সমাবেশে বক্তব্য দেন। এ সময় তাঁরা বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের ‘রাজাকারের বংশধর’, ‘পরাজিত অপশক্তি’ ও ‘স্বাধীনতা ও মুক্তিযুদ্ধবিরোধী’ হিসেবে আখ্যা দিয়ে তাঁদের দমনে বল প্রয়োগের উসকানি ও প্ররোচনা দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, জামাল উদ্দিন আন্দোলনকারী শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাবিরোধী আখ্যা দিয়ে সমূলে উৎপাটন করে বঙ্গোপসাগরে ডুবিয়ে মারার ঘোষণা দেন। অন্যদিকে, সাবেক বিচারপতি মানিক আন্দোলনকারীদের পাকিস্তানপন্থী ও স্বাধীনতাবিরোধী আখ্যা দিয়ে তাঁদের দমনে উসকানি ও প্ররোচনা দেন বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগের বিবরণীতে আরও বলা হয়েছে, শিক্ষার্থীদের ‘রাজাকার’ আখ্যা দিয়ে জাফর ইকবাল লেখেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় আমার বিশ্ববিদ্যালয়, আমার প্রিয় বিশ্ববিদ্যালয়। তবে আমি মনে হয় আর কোনো দিন এই বিশ্ববিদ্যালয়ে যেতে চাইব না। ছাত্রছাত্রীদের দেখলেই মনে হবে, এরাই হয়তো সেই রাজাকার। আর যে কদিন বেঁচে আছি, আমি কোনো রাজাকারের মুখ দেখতে চাই না। একটাই তো জীবন। সেই জীবনে আবার কেন নতুন করে রাজাকারদের দেখতে হবে?’

অভিযোগে বলা হয়েছে, এভাবে শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনের পক্ষে অবস্থান না নিয়ে তাঁদের ‘রাজাকার’ আখ্যা দিয়ে নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ করা এবং আন্দোলন দমনে উসকানি দেওয়ার অভিযোগ আনা হয়েছে জাফর ইকবালের বিরুদ্ধে।

এ ছাড়া অভিযোগে বলা হয়েছে, আন্দোলনের সময় তৎকালীন উপাচার্য মাকসুদ কামাল ছাত্রলীগের সঙ্গে বৈঠক করে আন্দোলন দমনের পরামর্শ দেন। শেখ হাসিনার সঙ্গে কথোপকথনের সময় আন্দোলনকারীদের সংখ্যা ‘খুব বেড়ে গেছে’ উল্লেখ করে তিনি ব্যবস্থা নেওয়ার কথা বলেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, আসামিদের উসকানি, প্ররোচনা, নির্দেশনা ও অংশগ্রহণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়। এতে সানজিদা আহমেদ তন্বিসহ প্রায় ৩০০ শিক্ষার্থী গুরুতর আহত হন।

অভিযোগে আরও বলা হয়েছে, ২০২৪ সালের ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশের নিউমার্কেট, নীলক্ষেত, সায়েন্স ল্যাব ও ইডেন কলেজ এলাকায় গুলি করে শাজাহান, খালিদ হাসান সাইফুল্লাহ, সাইদুল ইসলাম শোভন ও মো. আব্দুল ওয়াদুদ শাওন শিকদারকে হত্যা করা হয়। এ ছাড়া ১৫ জনসহ আরও অনেকে গুরুতর আহত হন। এসব ঘটনার মাধ্যমে হত্যা, হত্যাচেষ্টা, নির্যাতন ও অন্যান্য অমানবিক আচরণের মধ্য দিয়ে আসামিরা মানবতাবিরোধী অপরাধ করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

মামলার আসামি সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, আ.ক.ম. জামাল উদ্দিন ও তানভীর হাসান সৈকত বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। বাকি আসামিরা পলাতক বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

গবেষক-শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক সেমিনার আয়োজন করতে যা…
  • ২৭ অক্টোবর ২০২৬
এইচএসসি পাসেই সেলস অ্যাসোসিয়েট নিয়োগ দেবে অ্যাপেক্স ফুটওয়্য…
  • ২৭ অক্টোবর ২০২৬
গাইবান্ধায় শিক্ষিকার আপত্তিকর ছবি ছড়ানোর মামলায় ইউপি চেয…
  • ২৭ অক্টোবর ২০২৬
রোনালদোকে ঘিরে নাটকীয় মোড়, বড় সিদ্ধান্ত পর্তুগালের
  • ২৭ অক্টোবর ২০২৬
সুপার সাইক্লোনে রূপ নিতে পারে অর্ণব, আঘাত হানতে পারে যে অঞ্…
  • ২৭ অক্টোবর ২০২৬
৫০০কোটি টাকার প্রকল্প, তবু কুশিয়ারার ভাঙনে বিলীন ফসলি জমি
  • ২৭ অক্টোবর ২০২৬