পাঁচ হত্যা মামলায় নজরুল ইসলামকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠালেন আদালত

১০ আগস্ট ২০২৬, ০৪:২২ PM
আদালতে মো. নজরুল ইসলাম

আদালতে মো. নজরুল ইসলাম © টিডিসি

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলামকে পাঁচটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত। 

সোমবার (১০ আগস্ট) সাতক্ষীরার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিলাশ মন্ডলের আদালতে শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়।

আদালত সূত্রে জানা গেছে, সাতক্ষীরা সদর থানায় দায়ের করা পাঁচটি হত্যা মামলায় নজরুল ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলাগুলো হলো—জিআর ৩৯৯/২৪, জিআর ৩৮০/২৪, জিআর ৪৩৮/২৪, জিআর ৪৪১/২৪ ও জিআর ৪৩৯/২৪।

মামলার এজাহার ও সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, ২০১৪ সালে সাতক্ষীরার বিভিন্ন এলাকায় ‘ক্রসফায়ারের’ নামে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের হত্যার ঘটনায় হুকুম ও মদদ দেওয়ার অভিযোগে এসব মামলায় নজরুল ইসলামকে আসামি করা হয়েছে।

আদালত সূত্র জানায়, জিআর ৩৯৯/২৪ মামলাটি ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর, জিআর ৩৮০/২৪ মামলাটি ২৭ আগস্ট, জিআর ৪৩৮/২৪ মামলাটি ২৩ সেপ্টেম্বর, জিআর ৪৪১/২৪ মামলাটি ২৫ সেপ্টেম্বর এবং জিআর ৪৩৯/২৪ মামলাটি ২৩ সেপ্টেম্বর দায়ের করা হয়। মামলাগুলোতে দণ্ডবিধির ৩০২, ৩৪সহ বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে।

সোমবার আদালতে নজরুল ইসলামকে হাজির করার পর মামলাগুলোর বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে এসব মামলার পরবর্তী তারিখ আগামী ২৯ অক্টোবর ২০২৬ নির্ধারণ করা হয়েছে বলে আদালত সূত্র জানিয়েছে।

আদালত প্রাঙ্গণে তার ছেলে রাজু আহমেদসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

রাজু আহমেদ বলেন, ‘আমার বাবাকে রাজনৈতিক মামলায় আটক করে কারাগারে পাঠানো হচ্ছে। আমরা রাষ্ট্রের কাছে ন্যায়বিচার আশা করছি।’

বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা আদালতের কোর্ট ইন্সপেক্টর মো. মইন উদ্দিন। আসামিপক্ষে আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট ওসমান গনি, সাইদুর রহমান সাইদ ও আল মাহমুদ পলাশ।

এর আগে গত ২৭ জুলাই রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে নজরুল ইসলামকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ওই দিন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম জানিয়েছিলেন, বেলা ১২টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং এসব মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানিয়েছিল ডিবি।

নজরুল ইসলাম দীর্ঘদিন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তিনি সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।

এসএসসির ফলাফল প্রকাশ: চাঁদপুরে শীর্ষে মাতৃপীঠ, দ্বিতীয় আল-আ…
  • ১০ আগস্ট ২০২৬
৮ শিক্ষক, এসএসসি পরীক্ষার্থী ৫—পাস করেনি একজনও
  • ১০ আগস্ট ২০২৬
ইউরোপজুড়ে বাড়ছে যৌনবাহিত রোগের সংক্রমণ
  • ১০ আগস্ট ২০২৬
শিক্ষার্থীরা সঠিকভাবে উপবৃত্তি পেয়েছে কিনা— ৭০ প্রতিষ্ঠানের…
  • ১০ আগস্ট ২০২৬
সাতক্ষীরায় ৪ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
  • ১০ আগস্ট ২০২৬
জুনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ ডেইরি, আবেদন ২১ আগস্ট পর…
  • ১০ আগস্ট ২০২৬