সরকারি হাসপাতালের চাপ কমাতে ৪ বেসরকারি হাসপাতালের সেবা কিনবে সরকার

০৪ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ PM
হাসপাতাল

হাসপাতাল © সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালসহ রাজধানীর সরকারি হাসপাতালে রোগীর অতিরিক্ত চাপ সামলাতে ৪ বেসরকারি হাসপাতালের শয্যা, পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসাসেবা কেনার উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য বিভাগ। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে এমন পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

আজ রবিবার (৪ অক্টোবর) মন্ত্রী গণমাধ্যমকে এসব কথা বলেছেন। প্রাথমিকভাবে পরিকল্পনায় থাকা হাসপাতালগুলো হলো—তেজগাঁওয়ের শমরিতা মেডিকেল কলেজ ও হাসপাতাল, ইমপালস হাসপাতাল, গুলশানের সাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল এবং ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল।

স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেন, প্রাইভেট হাসপাতালে বেডের তুলনায় রোগী কম। তাই সরকারি হাসপাতাল থেকে সেখানে রোগী পাঠানো হলে চাপ অনেকটা কমবে।

তিনি জানান, প্রস্তাবিত ব্যবস্থায় সরকারি হাসপাতালের কিছু রোগীকে চুক্তিবদ্ধ বেসরকারি হাসপাতালে পাঠানো হবে। সেখানে শয্যা, চিকিৎসক, ওষুধ ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষাসহ চিকিৎসাসেবা দেওয়া হবে। রোগীদের কাছ থেকে এসব সেবার জন্য অতিরিক্ত অর্থ নেওয়া হবে না; সরকারি হাসপাতালের মতোই বিনা খরচে চিকিৎসা দেওয়ার পরিকল্পনা রয়েছে। মাস শেষে হিসাব যাচাই করে সংশ্লিষ্ট হাসপাতালকে বিল পরিশোধ করবে সরকার।

পরিকল্পনা অনুযায়ী, সংশ্লিষ্ট বেসরকারি হাসপাতালকে একটি সরকারি হাসপাতালের সঙ্গে চুক্তিবদ্ধ হতে হবে। সরকারি হাসপাতাল থেকে নির্বাচিত রোগীদের ওই বেসরকারি প্রতিষ্ঠানে পাঠানো হবে এবং চিকিৎসার ব্যয় বহন করবে সরকার।

প্রাথমিক পর্যায়ে মেডিসিন, শিশু বিভাগ এবং ছোটখাটো অস্ত্রোপচারের প্রয়োজন রয়েছে—এমন রোগীদের পাঠানোর পরিকল্পনা করা হচ্ছে। সেবার মূল্য নির্ধারণ, বিল পরিশোধ এবং হাসপাতাল তদারকির পদ্ধতি নিয়ে একটি খসড়া নীতিমালা তৈরির কথাও প্রতিবেদনে উঠে এসেছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, সরকারি হাসপাতালে একজন রোগীর জন্য যেসব সেবা বিনা মূল্যে পাওয়া যায়, চুক্তিবদ্ধ বেসরকারি হাসপাতালেও সেগুলো একইভাবে দেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে সেবার পরিধি, ব্যয় নির্ধারণ এবং রোগী স্থানান্তরের বিস্তারিত শর্ত চূড়ান্ত নীতিমালা ও চুক্তির ওপর নির্ভর করবে।

এছাড়াও স্বাস্থ্য বিভাগ ঢাকার পাশাপাশি চট্টগ্রাম ও সিলেটে কয়েকটি হাসপাতাল থেকে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) আওতায় সেবা ক্রয়ের চিন্তা করছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

অধ্যক্ষ আজিজীর বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগে মাদ্রাসা অধিদ…
  • ৩০ অক্টোবর ২০২৬
রাতে ঘুম আসে না? সহজ ৩ ধাপে ঘুমের প্রস্তুতি নেবেন যেভাবে
  • ৩০ অক্টোবর ২০২৬
ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পেয়ে ফারুকীর পোস্ট, ‘মানসিক স্বাস্থ্…
  • ৩০ অক্টোবর ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার
  • ৩০ অক্টোবর ২০২৬
ভোট কারচুপির অভিযোগ, শনিবার বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের
  • ৩০ অক্টোবর ২০২৬
ক্লাস ফাঁকি দিয়ে পার্কে ঘোরাঘুরি, ইউএনওর অভিযানে ধরা
  • ২৯ অক্টোবর ২০২৬