ওজন নিয়ন্ত্রণ ও সুস্থ থাকতে জাপানের জনপ্রিয় ৩ মিনিটের ব্যায়াম ‘রেজিয়ো তাইসো’

২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ PM
ব্যায়াম পদ্ধতি ‘রেজিয়ো তাইসো’

ব্যায়াম পদ্ধতি ‘রেজিয়ো তাইসো’ © সংগৃহীত

নিয়মিত শরীরচর্চার জন্য অনেক সময় আলাদা করে জিমে যাওয়া বা দীর্ঘ সময় ব্যায়াম করার সুযোগ হয় না অনেকের। কিন্তু ওজন কমাতে কিংবা শরীর সুস্থ রাখতে ব্যায়ামের বিকল্প নেই। তাই নানা ব্যস্ততার মধ্যেও শরীরকে সক্রিয় রাখতে জাপানে দীর্ঘদিন ধরে প্রচলিত রয়েছে সহজ একটি ব্যায়াম পদ্ধতি ‘রেজিয়ো তাইসো’। মাত্র তিন মিনিটের এই ব্যায়ামে শরীরের বিভিন্ন অংশের নড়াচড়া, স্ট্রেচিং ও শ্বাস-প্রশ্বাসের অনুশীলন একসঙ্গে করা হয়।

রেজিয়ো তাইসোকে ইংরেজিতে ‘রেডিও ক্যালিসথেনিকস’ বলা হয়। জাপানের স্কুল, কর্মস্থল ও বিভিন্ন সামাজিক পরিসরে বহু বছর ধরে এই ব্যায়ামের চর্চা হয়ে আসছে। জাপান সরকারের তথ্য অনুযায়ী, প্রচলিত রেজিয়ো তাইসোর প্রথম ধাপে প্রায় তিন মিনিটের মধ্যে ১৩ ধরনের ব্যায়াম করা হয়। হালকা সুরের সঙ্গে নির্দিষ্ট ছন্দে এসব ব্যায়াম করতে হয়।

১০০ বছরের পুরোনো ইতিহাস
রেজিয়ো তাইসোর ইতিহাস ১৯২০-এর দশকের। জাপানের তৎকালীন ডাক বিভাগের জীবনবিমা দপ্তরের এক কর্মকর্তা যুক্তরাষ্ট্রে রেডিওর মাধ্যমে প্রচারিত স্বাস্থ্যবিষয়ক ব্যায়ামের ধারণা থেকে জাপানেও এমন একটি ব্যবস্থা চালুর উদ্যোগ নেন।

১৯২৭ সালে জাপানের ডাক বিভাগের জীবনবিমা দপ্তর, এনএইচকে এবং তৎকালীন শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় সাধারণ মানুষের স্বাস্থ্য উন্নয়নের উদ্দেশ্যে রেডিওভিত্তিক ব্যায়াম তৈরি করা হয়। পরের বছর ১৯২৮ সালে এর সম্প্রচার শুরু হয়। তখন এর আনুষ্ঠানিক নাম ছিল ‘কোকুমিন হোকেন তাইসো’, অর্থাৎ জাতীয় স্বাস্থ্য ব্যায়াম। ‘রেজিয়ো তাইসো’ নামটি পরে জনপ্রিয় হয়।

বর্তমানে জাপানে সবচেয়ে পরিচিত ‘রেজিয়ো তাইসো নম্বর ওয়ান’ চালু হয় ১৯৫১ সালে। এর উদ্দেশ্য ছিল বয়স ও লিঙ্গ নির্বিশেষে সবাই যাতে সহজে ব্যায়ামটি করতে পারেন, সে ব্যবস্থা করা।

আরও পড়ুন: হোয়াটসঅ্যাপের চ্যাট লিকের ভয়, চালু করুন এই তিন সেটিংস

কীভাবে করবেন
রেজিয়ো তাইসোর ব্যায়ামগুলো নির্দিষ্ট ধারাবাহিকতায় করতে হয়। শুরুতে শরীর ও হাত-পা হালকা করে প্রসারিত করা হয়। এরপর হাত ও কাঁধ ঘোরানো, বুক প্রসারিত করা এবং শরীরকে ডানে-বাঁয়ে বাঁকানোর মতো অনুশীলন করা হয়। এরপর শরীরের ওপরের অংশ ডানে-বাঁয়ে ঘোরানো, সামনের দিকে ঝোঁকা এবং হাত-পায়ের সমন্বিত নড়াচড়ার মতো ব্যায়াম রয়েছে। পুরো রুটিনটি ছন্দের সঙ্গে করা হয়। এতে শরীরের বিভিন্ন অংশ একসঙ্গে নড়াচড়া করে।

এই ব্যায়ামের জন্য বিশেষ কোনো যন্ত্রপাতি প্রয়োজন হয় না। অল্প জায়গার মধ্যেই করা যায়। জাপানে এটি একা করার পাশাপাশি স্কুল, কর্মস্থল, পার্ক ও বিভিন্ন সামাজিক আয়োজনেও দলবদ্ধভাবে করা হয়।

জাপানে এখনও জনপ্রিয়
রেজিয়ো তাইসো শুধু একটি ব্যায়াম হিসেবে নয়, জাপানের দৈনন্দিন জীবনের একটি পরিচিত অংশ হিসেবেও জায়গা করে নিয়েছে। জাপান রেডিও-তাইসো ফেডারেশনের তথ্য অনুযায়ী, ১৯২৮ সালের ১ নভেম্বর টোকিও কেন্দ্রীয় সম্প্রচার কেন্দ্র থেকে এর সম্প্রচার শুরু হয়। সেই থেকে এর ইতিহাস ৯০ বছরেরও বেশি সময় পেরিয়েছে।

জাপান সরকারের প্রকাশনায় বলা হয়েছে, দেশটিতে এখনো বিপুলসংখ্যক মানুষ নিয়মিত রেজিয়ো তাইসো করেন। বিশেষ করে স্থানীয় সংগঠন, প্রতিষ্ঠান ও বিভিন্ন কমিউনিটি পর্যায়ে এর চর্চা রয়েছে। তবে মাত্র তিন মিনিটের রেজিয়ো তাইসো করলেই দ্রুত ওজন কমবে কিংবা কোনো নির্দিষ্ট রোগ সেরে যাবে এমন দাবি বৈজ্ঞানিকভাবে নিশ্চিত বলা যাবে না। তবে এতে বেশকিছু উপকার অবশ্যই পাওয়া যায়। ওজন নিয়ন্ত্রণ ও সুস্থ থাকার জন্য নিয়মিত শারীরিক কার্যক্রমের পাশাপাশি সুষম খাবার ও পর্যাপ্ত বিশ্রামও গুরুত্বপূর্ণ।

মোনাশ বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাস হচ্ছে বাংলাদেশে
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
২০২৮ সাল থেকে নতুন কারিকুলাম চালু হবে: শিক্ষামন্ত্রী
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
এক কলেজে দুই অধ্যক্ষ, বিক্ষোভ শিক্ষার্থীদের
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয়ে ১২ পদে নিয়োগ
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার মান যাচাইয়ে তিন মাদ্রাসায় বিশেষ পরিদর্শন করবে মাদ্র…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
মাস্টার্সের গণ্ডি পেরোনোর আগেই সিভিল জজ ইবির রাজু
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬