অর্থমন্ত্রীকে হাসনাতের প্রশ্ন

একটি বেসরকারি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কোন যোগ্যতায় জনতা ব্যাংকের এমডি?

১৬ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ PM
হাসনাত আবদুল্লাহ ও আমির খসরু মাহমুদ চৌধুরী

হাসনাত আবদুল্লাহ ও আমির খসরু মাহমুদ চৌধুরী © সংগৃহীত

বেসরকারি সাউথইস্ট ব্যাংকের একজন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালককে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ দেওয়ার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য আবুল হাসনাত আবদুল্লাহ। তিনি জানতে চেয়েছেন, জনতা ব্যাংকের মতো বড় ও সংকটাপন্ন প্রতিষ্ঠানের এমডি নিয়োগের মানদণ্ড কী এবং এ নিয়োগের জন্য প্রকাশ্য বিজ্ঞপ্তি দেওয়া হয় কি না।

আজ সোমবার (১৬ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে অর্থমন্ত্রীর কাছে এসব প্রশ্ন তোলেন তিনি।

সংসদ সদস্য আবুল হাসনাত আবদুল্লাহ বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংক খাতে ব্যাপক অনিয়মের কারণে গত বছরের জুনে জনতা ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছিল ৭৫ হাজার ৩৯৭ কোটি টাকা। এর মধ্যে ম্যাক্সিমোর ২৩ হাজার কোটি, এস আলমের ১০ হাজার ২০০ কোটি, অ্যানেক্সটেক্সের ৭ হাজার ৮০০ কোটি এবং ক্রিসেন্টের ৩ হাজার ৪০০ কোটি টাকা খেলাপি ঋণ রয়েছে।

তিনি অভিযোগ করেন, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নিয়োগ দেওয়া ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা পরিচালকদের একটি সিন্ডিকেটের কারণে ব্যাংকগুলো সংকটের মুখে পড়েছে।

আবুল হাসনাত আবদুল্লাহ বলেন, বিএনপির প্রতিশ্রুতি ছিল ক্ষমতায় গেলে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বিলুপ্ত করে আর্থিক ও ব্যাংকিং খাতের নিয়ন্ত্রণ বাংলাদেশ ব্যাংকের হাতে দেওয়া হবে। এ ক্ষেত্রে সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না। গত অক্টোবরেও তিনি অর্থমন্ত্রীর কাছে এ বিষয়ে প্রশ্ন করেছিলেন।

এরপর জনতা ব্যাংকের এমডি নিয়োগের প্রসঙ্গ তুলে তিনি বলেন, বেসরকারি সাউথইস্ট ব্যাংকের একজন কর্মকর্তাকে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের এমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অথচ ২০২৪ সালের পর সাউথইস্ট ব্যাংকের বিরুদ্ধে ব্যাপক আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে।

তিনি প্রশ্ন করেন, ‘মাঝারি পরিসরের একটা বেসরকারি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকের কোন যোগ্যতার বলে একটা বড় প্রতিষ্ঠান জনতা ব্যাংকের মতো একটা বিশাল সমস্যা জর্জরিত প্রতিষ্ঠানে এমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এবং এই এমডি নিয়োগের আসলে ক্রাইটেরিয়া কী, যোগ্যতা কী? এটা কি কেবল শুধুমাত্র সরকার জানবে নাকি এটা পাবলিক সার্কুলারের মাধ্যমে হবে?’

একই সঙ্গে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বিলুপ্ত করার প্রতিশ্রুতি কবে বাস্তবায়ন করা হবে, সে প্রশ্নও তোলেন তিনি।

জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বেসরকারি খাত থেকে সরকারি ব্যাংকে কর্মকর্তা নিয়োগ দেওয়া যাবে না—এমন কোনো নিয়ম নেই। সরকারি ব্যাংক কিংবা বেসরকারি খাত—উভয় জায়গা থেকেই যোগ্য ব্যক্তিদের নিয়োগ দেওয়া হতে পারে। এসব নিয়োগ সম্পূর্ণ যোগ্যতার ভিত্তিতে হচ্ছে।

তিনি বলেন, নিয়োগের জন্য একটি প্যানেল রয়েছে। সেখানে প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হয় এবং জীবনবৃত্তান্ত যাচাই করা হয়। এরপর যাঁদের সবচেয়ে যোগ্য মনে করা হয়, তাঁদের নিয়োগ দেওয়া হয়। প্রার্থী বেসরকারি খাত থেকে এসেছেন, নাকি সরকারি ব্যাংকে কর্মরত—সেটি বিবেচনায় নেওয়া হয় না।

অর্থমন্ত্রী আরও বলেন, সরকার চায় যোগ্য ও দক্ষ ব্যক্তিরা ব্যাংকগুলোর দায়িত্ব নিন এবং সংকট থেকে প্রতিষ্ঠানগুলোকে বের করে আনুন। শুধু এমডি নয়, পরিচালনা পর্ষদেও যোগ্য ব্যক্তিদের প্যানেলের মাধ্যমে বাছাই করে নিয়োগ দেওয়া হচ্ছে। কোনো রাজনৈতিক বিবেচনায় এখন পর্যন্ত কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হয়নি এবং ভবিষ্যতেও হবে না।

ব্যাংকিং খাতের বর্তমান পরিস্থিতি তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, এ খাতে গ্রাহকদের আস্থা ফিরে আসছে। অনেকে আশঙ্কা করেছিলেন, ব্যাংক থেকে গ্রাহকেরা সব টাকা তুলে নেবেন। তবে এখন পরিস্থিতি উল্টো। ব্যাংকিং খাতে বর্তমানে নিট আমানত বাড়ছে, খাতটি ঘুরে দাঁড়াচ্ছে এবং পুনঃমূলধনীকরণ প্রক্রিয়াও ভালোভাবে এগিয়ে চলছে।

আবেগঘন বার্তায় অবসরের ঘোষণা লুকাকুর
  • ১৬ নভেম্বর ২০২৬
প্রয়োজন ছাড়া সিজার না করার পরামর্শ সংসদীয় কমিটির
  • ১৬ নভেম্বর ২০২৬
আধুনিক শ্রেণিকক্ষ ও শিক্ষক প্রশিক্ষণে বাংলাদেশকে সহযোগিতা ক…
  • ১৬ নভেম্বর ২০২৬
একটি বেসরকারি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কোন যোগ…
  • ১৬ নভেম্বর ২০২৬
শেখ হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি : পররাষ্ট্র প্রতিম…
  • ১৬ নভেম্বর ২০২৬
‘ককটেল বিস্ফোরণে আটক ছাত্রলীগ নেতার হোয়াটসঅ্যাপে এসব কর্মক…
  • ১৬ নভেম্বর ২০২৬