উপজেলা পরিষদ, বাউফল © টিসিডি সম্পাদিত
পটুয়াখালীর বাউফলের মেয়াদোত্তীর্ণ আট ইউনিয়ন পরিষদে নিয়মিত কার্যক্রম পরিচালনার জন্য প্রশাসক নিয়োগ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্থানীয় সরকার বিভাগের একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ধারা ১৮ এর উপধারা (১) অনুযায়ী মেয়াদোত্তীর্ণ ইউনিয়ন পরিষদের নিয়মিত কার্যক্রম পরিচালনার জন্য উল্লেখিত সরকারি কর্মকর্তাদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আরও বলা হয়েছে, প্রশাসকগণ নিয়োগপ্রাপ্তির ১২০ দিনের বেশি এই দায়িত্বে থাকতে পারবেন না।
বিজ্ঞপ্তি অনুযায়ী বাউফলের আট ইউনিয়ন পরিষদের দায়িত্ব পেয়েছেন, ১নং কাছিপাড়া ইউনিয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আখতার হোসেন, ২নং কালিশুরি ইউনিয়নে অতিরিক্ত উপজেলা কৃষি অফিসার নাঈদ হাসান, ৩নং ধুলিয়া ইউনিয়নে উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক প্রথম মজুমদার, ৪নং কেশবপুর ইউনিয়নে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রফিকুল ইসলাম, ৬নং কনকদিয়া ইউনিয়নে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বাসুদেব সরকার, ৭নং বগা ইউনিয়ন পরিষদে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এম এম পারভেজ, ১০নং কালাইয়া ইউনিয়নে উপজেলা কৃষি অফিসার মো. মিলন, ১৫ নং চন্দ্রদ্বীপ ইউনিয়নে উপজেলা সহকারী প্রোগ্রামার নুরুল আমিন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন।
উল্লেখ্য, সেপ্টেম্বর মাসে উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক তাউসিফুর রহমান রাফা মেয়াদোত্তীর্ণ ইউনিয়ন পরিষদের কার্যাক্রম নিয়মিত পরিচালনার জন্য প্রশাসক নিয়োগের জন্য জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসক একটি তালিকা প্রস্তুত করে স্থানীয় সরকার বিভাগে প্রেরণ করেছিলেন।