গণঅভ্যুত্থানে আহত হয়েও জুলাইযোদ্ধা হিসেবে গেজেটভুক্ত না হওয়া ব্যক্তিদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার © টিডিসি সম্পাদিত
২০২৪ সালে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার আন্দোলনে অংশ নিয়ে আহত হলেও এখনো জুলাইযোদ্ধা হিসেবে গেজেটভুক্ত হননি, এমন ব্যক্তিদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে তাদের নতুন করে তালিকাভুক্ত করতে গণবিজ্ঞপ্তি প্রকাশের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের জুলাই গণঅভ্যুত্থান শাখা থেকে মঙ্গলবার (১০ নভেম্বর) এ সংক্রান্ত একটি চিঠি জারি করা হয়। এতে আন্দোলনে অংশ নিয়ে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেছেন অথবা এখনো চিকিৎসাধীন রয়েছেন, কিন্তু জুলাই যোদ্ধা হিসেবে গেজেটভুক্ত হননি, এমন ব্যক্তিদের কাছ থেকে আবেদন গ্রহণের জন্য গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে বলা হয়েছে।
চিঠিতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানে ৮৪২ জন শহীদ হয়েছেন। এ ছাড়া আহতদের যথাযথ স্বীকৃতি, কল্যাণ ও পুনর্বাসন নিশ্চিত করার লক্ষ্যে ইতোমধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে জুলাই যোদ্ধাদের নামে গেজেট প্রকাশ করা হয়েছে। এর মধ্যে ক্যাটাগরি-ক-তে ৯৯০ জন, ক্যাটাগরি-খ-তে এক হাজার ১৪ জন এবং ক্যাটাগরি-গ-তে ১১ হাজার ৯৬৪ জনের নাম রয়েছে।
মন্ত্রণালয়ের চিঠি অনুযায়ী, উপজেলা ও জেলা পর্যায়ে বর্তমানে ৯৩১ জন আহত ব্যক্তির আবেদন অনিষ্পন্ন অবস্থায় রয়েছে। এ ছাড়া দেশের বিভিন্ন এলাকায় জুলাই গণঅভ্যুত্থানে আহত হলেও এখনো জুলাইযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির সুযোগ পাননি, এমন ব্যক্তিও রয়েছেন।
আরও খবর: প্রথম শ্রেণিতে ভর্তির বয়স পাঁচ থেকে ৬ বছর করল সরকার, নীতিমালা প্রকাশ
চিঠিতে আরও উল্লেখ করা হয়, গত ১০ ফেব্রুয়ারি তৎকালীন সরকারের শেষ কর্মদিবসে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের নতুনভাবে অন্তর্ভুক্তির আবেদন মন্ত্রণালয়ে না পাঠানোর জন্য দেশের সব জেলা প্রশাসককে চিঠি দেওয়া হয়েছিল। ফলে পরবর্তী সময়ে বিভিন্ন উপজেলা ও জেলা পর্যায়ে আহত ব্যক্তিদের পক্ষ থেকে আবেদন করা হলেও সংশ্লিষ্ট দপ্তরগুলো সেগুলো পরবর্তী কার্যক্রমের জন্য মন্ত্রণালয়ে পাঠাতে পারেনি।
এ অবস্থায় জুলাই গণঅভ্যুত্থানে আহত হয়েও গেজেটভুক্তির বাইরে থাকা ব্যক্তিদের তালিকাভুক্তির জন্য নতুন করে আবেদন গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। আবেদনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তির জাতীয় পরিচয়পত্র অথবা জন্মসনদ, স্থায়ী ও বর্তমান ঠিকানার তথ্য এবং আহত হওয়ার স্বপক্ষে উপযুক্ত প্রমাণক জমা দিতে হবে।
এসব তথ্য ও প্রমাণকের ভিত্তিতে আবেদনকারীদের তালিকাভুক্তির বিষয়টি বিবেচনা করা হবে। এ উদ্যোগের ফলে আন্দোলনে আহত হয়েও নানা কারণে তালিকাভুক্ত হতে না পারা ব্যক্তিদের রাষ্ট্রীয় স্বীকৃতি পাওয়ার সুযোগ তৈরি হবে বলে সরকার আশা করছে। বিএনপির মিডিয়া সেল থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে।