শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধির স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ © সংগৃহীত ছবি
চট্টগ্রামের রাঙ্গুনিয়ার জিয়া নগরে (পোমরা) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধির স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী এডভোকেট আহমেদ আজম খান ও প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) তারা জিয়াউর রহমানের প্রথম সমাধির স্মৃতিসৌধ প্রাঙ্গণে উপস্থিত হয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তার রুহের মাগফিরাত এবং দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। পরে তারা সেখানে বৃক্ষরোপণ করেন।
এ সময় তারা মুক্তিযুদ্ধের চেতনা ও শহীদ জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে চট্টগ্রাম জেলা ও রাঙ্গুনিয়া উপজেলা বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
পরে মন্ত্রী ও প্রতিমন্ত্রী চট্টগ্রামের ইস্টার্ণ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানা পরিদর্শনে যান।
পরিদর্শন শেষে সাংবাদিকদেরকে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের মালিকানাধীন ওই সম্পত্তিতে ভবিষ্যতে প্রশাসনিক ও উৎপাদনমুখী কোনো প্রকল্প নেওয়া যায় কি না, তা দেখতে তারা সেখানে গেছেন। এ ধরনের প্রকল্পের মাধ্যমে স্থানীয় কর্মসংস্থান সৃষ্টি এবং সরকারের রাজস্ব আয় বাড়ানোর সম্ভাবনাও তারা যাচাই করছেন।
ইশরাক হোসেন বলেন, দুই দিনের সফরে তিনি চট্টগ্রামে এসেছেন। ইস্টার্ণ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানাটি পরিদর্শনে তার পুরো দল অংশ নিয়েছে। সেখান থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করে পরবর্তী সময়ে কী ধরনের প্রকল্প নেওয়া যায়, তা নির্ধারণ করা হবে।