ছোট হবে বিএনপির মন্ত্রিসভা, ডাক পাচ্ছেন কারা?

১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১২ AM , আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৯ AM
প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে যাওয়া বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছে জানাচ্ছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে যাওয়া বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছে জানাচ্ছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর © বিবিসি বাংলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর এখন সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। তারেক রহমানের নেতৃত্বে গঠিত হতে যাওয়া নতুন মন্ত্রিসভা নিয়ে মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। এবারের মন্ত্রিসভার আকার ছোট হবে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

নতুন মন্ত্রিসভায় দলের তরুণ নেতারা কতটা স্থান পাচ্ছেন এবং সমমনা দলগুলোকে রাখা হচ্ছে কিনা, এসব প্রশ্ন ঘিরেও নানান আলোচনা ও জল্পনা-কল্পনা হতে দেখা যাচ্ছে। বিজয়ীদের কারো কারো পক্ষে ফেসবুকসহ সামাজিক মাধ্যমে প্রচার-প্রচারণা চালানোর ঘটনাও চোখে পড়ছে। যদিও বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত নতুন মন্ত্রিসভার আকার ও চেহারার বিষয়ে কিছু জানানো হয়নি।

বিবিসি বাংলার খবরে বলা হয়েছে, তারেক রহমানের প্রথম মন্ত্রিসভা বা সরকারের আকার ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সরকারের তুলনায় ‘অনেকটাই ছোট’ হতে যাচ্ছে। গঠন ও আকৃতিতে পরিবর্তন এনে মন্ত্রণালয়ের সংখ্যাও কমিয়ে ত্রিশের নিচে আনার চিন্তা করছে দলটি। এর ফলে একদিকে সরকারের ‘কাজ যেমন সহজ হবে’, তেমনি ‘স্বচ্ছতা ও জবাবদিহিতাও’ নিশ্চিত করা সম্ভব হবে বলে মনে করছে দলটি।

নাম প্রকাশ না করার শর্তে নেতারা জানিয়েছেন, নতুন মন্ত্রিসভা গঠিত হচ্ছে নবীন ও প্রবীণের মিশেলে। নিজ দলের বাইরে ভোটে জয় পাওয়া সমমনা অন্য দলগুলোর নেতাদের মধ্যেও অনেকে সেই মন্ত্রিসভায় স্থান পেতে যাচ্ছেন বলে আভাস দিয়েছেন বিএনপি'র সিনিয়র নেতারা। নতুন মন্ত্রিসভায় নারী ও সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করার বিষয়টি বিবেচনায় রাখা হচ্ছে।

এবারের নির্বাচনে বিভিন্ন আসন থেকে যারা জয় পেয়েছেন, তাদেরকে আগামীকাল (১৭ ফেব্রুয়ারি) শপথ গ্রহণ করানোর কথা রয়েছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন সকাল ১০টায় সংসদ ভবনের শপথকক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন বলে অর্ন্তবর্তী সরকারের একাধিক সূত্র নিশ্চিত করেছে।

একইদিন বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান হবে। নিয়ম অনুযায়ী, বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন মন্ত্রিসভার শপথ পড়াবেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ গ্রহণের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফসহ অনেক দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ জানানো হচ্ছে বলে জানা যাচ্ছে।

এর বাইরে, সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী, ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ছাড়াও গুরুত্বপূর্ণ আরও অনেক ব্যক্তিবর্গ শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। সরকার কাঠামোতে যে ৪৩টি মন্ত্রণালয় রয়েছে, সেটির সংখ্যা কমিয়ে ত্রিশের নিচে নামিয়ে আনার কথা ভাবছেন তিনি। এক্ষেত্রে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের দেড় দশকের শাসনামলে যেসব মন্ত্রণালয়কে ভেঙে আলাদা করা হয়েছে, সেগুলোর মধ্যে কয়েকটিকে আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে।

নতুন মন্ত্রিসভায় দুই ডজনের মতো পূর্ণমন্ত্রী থাকতে পারে বলে ধারণা দিয়েছেন বিএনপির সিনিয়র নেতারা। এর বাইরে, এক ডজনের মতো উপমন্ত্রী ও প্রতিমন্ত্রী রাখা হতে পারে। তুলনামূলক কম বিতর্কিত ও অতীতে সফলভাবে মন্ত্রণালয় চালিয়েছেন- এমন অভিজ্ঞ নেতারা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন।

আরও পড়ুন: ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম উপাচার্য হলেন বুয়েট অধ্যাপক আবদুল হাছিব

অভিজ্ঞতা নেই, কিন্তু মেধাবী- এ রকম তরুণ নেতারা পাচ্ছেন উপমন্ত্রী ও প্রতিমন্ত্রীর দায়িত্ব। বিএনপির সিনিয়র নেতাদের মধ্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায়, অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ, মির্জা আব্বাস, ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং দলের ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, আ ন ম এহছানুল হক মিলনসহ বেশ কয়েক জনের নাম আলোচনায় রয়েছে।

নারীদের মধ্যে বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান এবং কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের নামও আলোচনায় আছে। শামা ওবায়েদ ফরিদপুর-২ আসন থেকে জয় পেয়েছেন।

তরুণ নেতাদের মধ্যে প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী হিসেবে যারা মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন, তাদের মধ্যে আলোচনায় আছেন লক্ষ্মীপুর সদর আসন থেকে বিজয়ী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, টাঙ্গাইল-৫ থেকে নির্বাচিত সুলতান সালাউদ্দিন টুকু ও ঢাকা-৬ আসনের ইশরাক হোসেন।

মিত্র দলের সাতজন নেতা নিজ দল ছেড়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেন। তাদের মধ্যে ঢাকা-১৩ আসন থেকে ববি হাজ্জাজ এবং লক্ষ্মীপুর-১ আসন থেকে শাহাদাত হোসেন সেলিম জয় পেয়েছেন। প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী হিসেবে তারাও আলোচনায় আছেন। আর মিত্র দল থেকে মাত্র তিনজন জয় পেয়েছেন। তারা হলেন: বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) আন্দালিভ রহমান পার্থ, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি এবং গণঅধিকার আন্দোলনের নেতা নুরুল হক নুর।

তিনজনই নতুন মন্ত্রিসভায় ডাক পেতে পারেন বলে জানিয়েছেন বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা। সিনিয়র নেতাদের মধ্যে যারা মন্ত্রিসভায় থাকছেন না, তাদের মধ্যে কেউ কেউ জায়গা পেতে পারেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিষদে। এর মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা করা হতে পারে।

আলোচনায় যাদের নামই থাকুক না কেন, মন্ত্রিসভায় শেষপর্যন্ত কাদের জায়গা হচ্ছে এবং কে কোন মন্ত্রণালয়ে মন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন, মঙ্গলবার শপথ অনুষ্ঠানের পরই সেটি পরিষ্কার হয়ে যাবে।

ম্যাক অ্যালিস্টারের দ্রুততম গোলে শুরুতেই এগিয়ে আর্জেন্টিনা
  • ১২ জুলাই ২০২৬
দুপুরের মধ্যে ঢাকাসহ দেশের ১৩ জেলায় ভারী বৃষ্টির আভাস, কয়েক…
  • ১২ জুলাই ২০২৬
চমক নেই আর্জেন্টিনার একাদশে, আছেন কারা?
  • ১২ জুলাই ২০২৬
অশ্রুসিক্ত নরওয়ে, ইতিহাসের আরেক সেমিফাইনালে ইংল্যান্ড
  • ১২ জুলাই ২০২৬
নরওয়েকে হারিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড
  • ১২ জুলাই ২০২৬
ইংল্যান্ডের পেনাল্টি বাতিল
  • ১২ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence