আবেগঘন বার্তায় অবসরের ঘোষণা লুকাকুর

১৬ নভেম্বর ২০২৬, ০৬:০০ PM
রোমেলু লুকাকু

রোমেলু লুকাকু © সংগৃহীত

বেলজিয়াম জাতীয় দলের হয়ে দীর্ঘ ১৬ বছরের পথচলার ইতি টানলেন রোমেলু লুকাকু। ৩৩ বছর বয়সে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন দেশটির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। জাতীয় দলের জার্সিতে অসংখ্য স্মরণীয় মুহূর্ত উপহার দেওয়া এই স্ট্রাইকার জানিয়েছেন, নিজের সিদ্ধান্ত নিয়ে তিনি সন্তুষ্ট এবং মানসিকভাবে শান্তিতে আছেন।

রবিবার (১৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে আন্তর্জাতিক ফুটবল ছাড়ার সিদ্ধান্ত জানান লুকাকু। বেলজিয়ামের ‘গোল্ডেন জেনারেশন’-এর অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। দীর্ঘ সময় ধরে দলের আক্রমণভাগের প্রধান ভরসা হিসেবে দায়িত্ব পালন করেছেন এই ফরোয়ার্ড। তার বিদায়ের মধ্য দিয়ে বেলজিয়াম ফুটবলের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি ঘটল।

লুকাকুর ভবিষ্যৎ নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছিল। সম্প্রতি ইতালির বিপক্ষে বেলজিয়ামের জয়ের ম্যাচেও তাকে মাঠে দেখা যায়নি। বদলি খেলোয়াড়দের তালিকায় থাকলেও পুরো ম্যাচে বেঞ্চে বসে কাটাতে হয় তাকে। ম্যাচটিতে মার্ক ভ্যান বোমেলের দল দাপুটে জয় তুলে নেয়। তবে মাঠের বাইরে দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পরও জাতীয় দলকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন এই অভিজ্ঞ স্ট্রাইকার।

নিজের ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের স্মৃতিচারণা করে লুকাকু ইনস্টাগ্রামে লেখেন, ‘১৬ বছর। এই ১৬ বছরে জাতীয় দলের জন্য নিজের সবটুকু দিয়েছি। জীবনের সম্ভাব্য সব ধরনের আবেগের মধ্য দিয়ে গিয়েছি। অসাধারণ সব সতীর্থের সঙ্গে খেলেছি, যাদের প্রতি আমি সব সময় কৃতজ্ঞ থাকব। তাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। ধন্যবাদ জানাতে চাই সব কোচকেও, যারা আমাকে এগিয়ে যেতে উৎসাহ দিয়েছেন এবং দলের জন্য অবদান রাখতে আমার ওপর আস্থা রেখেছেন। যাত্রাটা ছিল দারুণ, প্রতিটি মুহূর্ত আমি উপভোগ করেছি।’

বেলজিয়ামের হয়ে একাধিক বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিয়েছেন লুকাকু। বিশ্বমঞ্চে দেশটির ফুটবলের উত্থানে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। চারটি বিশ্বকাপ ও তিনটি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে দেশের প্রতিনিধিত্ব করার অভিজ্ঞতাও রয়েছে তার। দীর্ঘ ক্যারিয়ারে বিশ্বের বিভিন্ন প্রান্তে গিয়ে দলকে সমর্থন জানানো সমর্থকদের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই তারকা।

সমর্থকদের উদ্দেশে লুকাকু লেখেন, ‘বেলজিয়ামের সমর্থকদের ধন্যবাদ, আমাদের দলকে আপনারা যে সমর্থন দিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। চারটি বিশ্বকাপ ও তিনটি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে নিজের দেশকে প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত। সেই মুহূর্তগুলো কখনো ভুলব না। এখানেই থেমে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে আমি মানসিকভাবে শান্তিতে আছি। যাত্রাটা ছিল অসাধারণ। প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি। আমি কৃতজ্ঞ। ধন্যবাদ।’

জাতীয়করণের খসড়া নীতিমালা থেকে বাদ গেল পাসের হার, যুক্ত হলো …
  • ১৬ নভেম্বর ২০২৬
সরকারি হাসপাতালে ট্রেডিশনাল চিকিৎসাও থাকতে হবে, পদ্ধতি বাছা…
  • ১৬ নভেম্বর ২০২৬
আবেগঘন বার্তায় অবসরের ঘোষণা লুকাকুর
  • ১৬ নভেম্বর ২০২৬
প্রয়োজন ছাড়া সিজার না করার পরামর্শ সংসদীয় কমিটির
  • ১৬ নভেম্বর ২০২৬
আধুনিক শ্রেণিকক্ষ ও শিক্ষক প্রশিক্ষণে বাংলাদেশকে সহযোগিতা ক…
  • ১৬ নভেম্বর ২০২৬
একটি বেসরকারি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কোন যোগ…
  • ১৬ নভেম্বর ২০২৬