রোনালদোর গোল নিয়ে বিতর্ক, গোলটি আসলে কার?

২৪ অক্টোবর ২০২৬, ১২:০৬ PM
ক্রিস্টিয়ানো রোনালদো

ক্রিস্টিয়ানো রোনালদো © সংগৃহীত

ক্রিস্টিয়ানো রোনালদোর মনে কোনো সংশয় ছিল না। বল জালে জড়াতেই চিরচেনা ‘সিউ’ উদ্‌যাপনে মেতে ওঠেন পর্তুগিজ এই মহাতারকা। সৌদি প্রো লিগও গোলটি তার নামেই নথিভুক্ত করেছে। তবে ফুটবলের তথ্য-উপাত্ত বিশ্লেষণী প্ল্যাটফর্ম অপ্টার হিসাবে, গোলটি রোনালদোর নয়, আত্মঘাতী। এ নিয়েই তৈরি হয়েছে বিতর্ক।

রোনালদোর ক্যারিয়ারে এখন প্রতিটি গোলই গুরুত্বপূর্ণ। ১ হাজার গোলের ঐতিহাসিক মাইলফলক থেকে আর মাত্র কয়েক ধাপ দূরে তিনি। আল ফয়সালির বিপক্ষে গোলটি তার নামের পাশে যোগ করলে ক্যারিয়ার গোলসংখ্যা দাঁড়ায় ৯৮২-এ। সে হিসাবে মাইলফলকটি ছুঁতে প্রয়োজন আর ১৮ গোল।

কী ঘটেছিল মাঠে?

আল ফয়সালির বিপক্ষে ম্যাচের ৪৯তম মিনিটে আসে আল নাসরের দ্বিতীয় গোলটি। জোয়াও ফেলিক্সের ফ্রি-কিক থেকে উঁচুতে লাফিয়ে হেড করার চেষ্টা করেন ৪১ বছর বয়সী রোনালদো। তবে বলে তার মাথার স্পষ্ট স্পর্শ লেগেছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। এরপর বলটি আল ফয়সালির ডিফেন্ডার আন্দ্রেই জিরোত্তোর গায়ে লেগে জালে জড়ায়।

গোলের পর অবশ্য নিজের চিরচেনা উদ্‌যাপনে মেতে ওঠেন রোনালদো। গোলটি নিয়ে কোনো সংশয় আছে, এমন কিছুর ছাপও ছিল না তার উদ্‌যাপনে।

সৌদি প্রো লিগ গোলটি রোনালদোর নামেই স্বীকৃতি দিয়েছে। তাদের হিসাব অনুযায়ী, এটি তার ক্যারিয়ারের ৯৮২তম গোল। অন্যদিকে, অপ্টা গোলটিকে আত্মঘাতী হিসেবে চিহ্নিত করেছে। দুই পক্ষের এই ভিন্ন হিসাবের কারণে রোনালদোর গোলসংখ্যা নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি। শেষ পর্যন্ত গোলটি কার নামে স্বীকৃত থাকবে, তার ওপর নির্ভর করছে ১ হাজার গোলের মাইলফলকের দিকে তার অগ্রগতির আনুষ্ঠানিক হিসাবও।

ম্যাচ শেষে ইনস্টাগ্রামে গোল উদ্‌যাপনের একটি ছবি পোস্ট করেন রোনালদো। ক্যাপশনে লেখেন, ‘চলো এগিয়ে যাই!’ গোলটির স্বীকৃতি নিয়ে বিতর্ক থাকলেও মাঠের উদ্‌যাপনে তার কোনো প্রতিফলন দেখা যায়নি।

ম্যাচটি অবশ্য রোনালদোর গোল নিয়ে বিতর্কেই সীমাবদ্ধ থাকেনি। আল নাসরের হয়ে শুরুতেই গোল করে দলকে এগিয়ে দেন আবদুল্লাহ আল-হামদান। বিরতির পর দ্বিতীয়ার্ধের শুরুতেই রোনালদোর বিতর্কিত গোল ব্যবধান বাড়িয়ে করে ২-০।

পরে স্বাগতিক আল ফয়সালির হয়ে থিও বঙ্গোন্ডা একটি গোল শোধ করেন। তবে ম্যাচের শেষ দিকে অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েলের গোলে ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত করে আল নাসর।

জাতীয় দলকে ঘিরে সাম্প্রতিক বিতর্কের পর এই ম্যাচে মাঠে নামেন রোনালদো। চলতি মাসের শুরুতে পর্তুগালের কোচ জর্জ জেসুসের সঙ্গে বিরোধের জেরে জাতীয় দল ছেড়ে চলে যাওয়ার ঘটনার পর তাকে ৩০ দিনের নিষেধাজ্ঞা দেওয়া হয় এবং ২৫৫ ইউরো জরিমানা করা হয়।

এই জয়ে সৌদি প্রো লিগের শিরোপা দৌড়ে নিজেদের অবস্থান ধরে রেখেছে আল নাসর। ১০ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা আল হিলালের চেয়ে ২ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে তারা। লিগে এটি আল নাসরের অষ্টম জয়।

বার্ষিক পরীক্ষা না থাকা প্রাথমিক ও মাধ্যমিকের নতুন ৪ বইয়ে ক…
  • ২৪ অক্টোবর ২০২৬
অবসরের পর যে পরিচয়ে স্মরণীয় হতে চান লিওনেল মেসি
  • ২৪ অক্টোবর ২০২৬
ওসির সঙ্গে তর্কে জড়ানোর পর রুমিন ফারহানার বিরুদ্ধে পুলিশের …
  • ২৪ অক্টোবর ২০২৬
জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড
  • ২৪ অক্টোবর ২০২৬
গাছ কাটতে গিয়ে প্রাণ গেল আলেমের
  • ২৪ অক্টোবর ২০২৬
বেলা বাড়তেই স্বাভাবিক হচ্ছে খাগড়াছড়ির যান চলাচল, বন্ধ দূরপা…
  • ২৪ অক্টোবর ২০২৬