মামলায় জমা দেওয়া ম্যারাডোনার মেডিকেল রিপোর্ট অন্যজনের

২৫ আগস্ট ২০২৬, ০১:৫০ PM
ডিয়েগো ম্যারাডোনা

ডিয়েগো ম্যারাডোনা © সংগৃহীত

ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুতে চিকিৎসাজনিত অবহেলার অভিযোগের বিচার চলার মধ্যেই মামলায় জমা দেওয়া মেডিকেল নথি নিয়ে বড় ধরনের ভুলের কথা স্বীকার করেছে আর্জেন্টিনার একটি স্বাস্থ্যবীমা প্রতিষ্ঠান। তদন্তে ম্যারাডোনার নামে জমা দেওয়া কিছু মেডিকেল পরীক্ষার রিপোর্ট আসলে তার বাবা ডিয়েগো সালুসতিয়ানো ম্যারাডোনার বলে জানা গেছে।

গতকাল সোমবার (২৪ আগস্ট) এএফপির নজরে আসা এক চিঠিতে আর্জেন্টিনার স্বাস্থ্যবীমা প্রতিষ্ঠান সুইস মেডিকেল এই ভুলের কথা স্বীকার করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ম্যারাডোনার মৃত্যুর তদন্তে গঠিত চিকিৎসা কমিশনের কাছে ভুলবশত ডিয়েগো আরমান্দো ম্যারাডোনার নামে কিছু মেডিকেল পরীক্ষার নথি জমা দেওয়া হয়েছিল। তবে নথিগুলো প্রকৃতপক্ষে তার বাবা ডিয়েগো সালুসতিয়ানো ম্যারাডোনার।

ম্যারাডোনার বাবা ২০১৫ সালে মারা যান। ফলে তার চিকিৎসাসংক্রান্ত নথি কীভাবে ম্যারাডোনার মৃত্যুর তদন্তে জমা পড়ল, তা নিয়ে মামলায় নতুন করে প্রশ্ন উঠেছে।

গত সপ্তাহে চলমান মামলায় বিষয়টি সামনে আনেন বিচারাধীন সাত স্বাস্থ্যকর্মীর একজনের আইনজীবী। চিকিৎসায় সম্ভাব্য অবহেলার কারণে ম্যারাডোনার মৃত্যু হয়ে থাকতে পারে—এমন অভিযোগে ওই সাত স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে মামলা চলছে। আর্জেন্টিনায় গত এপ্রিলের মাঝামাঝি থেকে তাদের বিচার শুরু হয়।

২০২০ সালের নভেম্বরে মস্তিষ্কে রক্তক্ষরণের অস্ত্রোপচারের প্রায় দুই সপ্তাহ পর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান ম্যারাডোনা। মৃত্যুর সময় তিনি অ্যাকিউট পালমোনারি এডিমাতেও আক্রান্ত ছিলেন। এ অবস্থায় ফুসফুসে তরল জমে শ্বাসপ্রশ্বাসে গুরুতর সমস্যা দেখা দিতে পারে।

ম্যারাডোনার মৃত্যুর ঘটনায় চলমান বিচারপ্রক্রিয়া অন্তত সেপ্টেম্বর পর্যন্ত চলতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যেই তদন্তে ভুল মেডিকেল নথি জমা দেওয়ার বিষয়টি মামলার কার্যক্রমে নতুন মাত্রা যোগ করেছে।

দূরপাল্লা ও আঞ্চলিক রুটের জন্য এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিন…
  • ০৮ অক্টোবর ২০২৬
২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬
মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬