আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি © সংগৃহীত
যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের ফাইনাল লড়াইয়ে স্পেনের কাছে হেরে শিরোপা অক্ষুণ্ণ রাখার স্বপ্ন ভঙ্গ হয়েছিল আর্জেন্টিনার। সেই পরাজয়ের ক্ষত এখনো দগদগে। আর এমন এক সময়েই নিজ শহর পুখাতো ছাড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন ও বিষাদমাখা খোলা চিঠি লিখেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী কোচ লিওনেল স্কালোনি।
পুখাতোর শান্ত রাস্তায় গত কয়েক দিন সমর্থকদের ভালোবাসা আর সমবেদনায় ভিজলেও বুকের ভেতরের যন্ত্রণা আর চেপে রাখতে পারেননি স্কালোনি। ভক্তদের উদ্দেশ্যে ইনস্টাগ্রামে তিনি সরাসরি লেখেন, ‘আরেকটি বিশ্বকাপ আপনাদের এনে দিতে না পারার জন্য আমি দুঃখিত।’
পোস্ট করার পরপরই কোটি কোটি ভক্তের প্রতিক্রিয়া ও ভালোবাসায় প্লাবিত হয় স্কালোনির কমেন্ট বক্স। চিঠিতে নিজের মনের ভেতরের অনুভূতির কথা তুলে ধরে লেখেন, ‘দুঃখ আর আনন্দ এখন একসঙ্গে মিশে গেছে—একদিকে চোখের জল, অন্যদিকে এক চিলতে হাসি, বুকের ভেতর দারুণ যন্ত্রণা, অথচ এক অদ্ভুত স্থিরতা।’
শিষ্যদের নিয়ে বলতে গিয়ে তিনি জানান, স্ত্রীর সঙ্গে কথা বলার সময়ও তিনি খেলোয়াড়দের ‘আমার যোদ্ধা’ বলে সম্বোধন করেন।
টুর্নামেন্ট চলাকালীন সমালোচনা ও প্রতিকূলতার বিষয়ে যারা দল নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন, তাদের উদ্দেশ্য করে স্কালোনি লেখেন, ‘ঠান্ডা জলের তীব্র ঝাপটা সহ্য করতে হয়েছে (এমন মানুষদের কাছ থেকে, যারা আমাদের চেনেও না)।’
তার মতে, সব সমালোচনা ও বাধা পেরিয়ে এভাবে ঘুরে দাঁড়ানোর সক্ষমতাই তাঁর কাছে ‘আসল ট্রফি’।
নিজের টেকনিক্যাল স্টাফ, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন কর্মী এবং পর্দার আড়ালে কাজ করা প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে চিঠির শেষে তিনি লেখেন,‘যার একজন আর্জেন্টাইন বন্ধু আছে, তার কাছে একটি মহামূল্যবান ধন আছে।’
তবে আবেগঘন এই খোলা চিঠি স্কালোনির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তাকে নতুন করে উসকে দিয়েছে। চলতি বছরের ডিসেম্বরেই আর্জেন্টিনা জাতীয় দলের সঙ্গে তাঁর চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। পুখাতো ছাড়ার সময় ভবিষ্যৎ নিয়ে স্পষ্ট কিছু না বললেও, বেশ কিছুদিন ধরেই তার কণ্ঠে বিদায়ের সুর পাওয়া যাচ্ছে। যদিও এএফএ সভাপতি চিকি তাপিয়ারা চান ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত স্কালোনির হাতেই থাকুক আলবিসেলেস্তেদের দায়িত্ব।