ক্রিস্তিয়ান রোমেরো © সংগৃহীত
বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের পর ক্লাব ক্যারিয়ারেও বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছেন ক্রিস্তিয়ান ‘কুটি’ রোমেরো। টটেনহ্যাম ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন আর্জেন্টাইন এই ডিফেন্ডার। তাকে দলে নিতে আগ্রহ দেখিয়েছে ইউরোপের দুই শীর্ষ ক্লাব—ইতালির ইন্টার মিলান ও স্পেনের বার্সেলোনা। ফলে দলবদলের বাজারে রোমেরোর ভবিষ্যৎ এখন অন্যতম আলোচিত বিষয়।
বিশ্বকাপে স্পেনের বিপক্ষে ফাইনালে চোট পাওয়ার আগে আর্জেন্টিনার অন্যতম সেরা খেলোয়াড় ছিলেন রোমেরো। এখন তিনি চোট থেকে সেরে ওঠার পাশাপাশি নতুন ক্লাব বেছে নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
২৮ বছর বয়সী এই সেন্টার-ব্যাক মনে করছেন, ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করার এটাই সঠিক সময়। টটেনহ্যামে তিনি দলের অধিনায়ক এবং রক্ষণভাগের সবচেয়ে নির্ভরযোগ্য খেলোয়াড়দের একজন। গত কয়েক মৌসুমে লন্ডন ছাড়ার সুযোগ পেলেও কোনো চুক্তি হয়নি। তবে এবার গ্রীষ্মকালীন দলবদলের বাজারে তিনি নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।
এ মুহূর্তে তাকে দলে ভেড়ানোর দৌড়ে এগিয়ে আছে ইন্টার মিলান। ইতোমধ্যে ক্লাবটি সম্ভাব্য চুক্তির বিষয়ে কাজ শুরু করেছে। খুব শিগগিরই রোমেরোর প্রতিনিধিদের সঙ্গে নতুন করে আলোচনা হওয়ার কথা রয়েছে।
ইন্টারে যোগ দিলে জাতীয় দলের অধিনায়ক ও ইন্টারের তারকা ফরোয়ার্ড লাউতারো মার্তিনেজের সঙ্গে একই ক্লাবে খেলবেন রোমেরো। এছাড়া ইতালিয়ান ফুটবলের সঙ্গেও তার পরিচয় রয়েছে। ২০১৮ থেকে ২০২১ সালের মধ্যে তিনি জেনোয়া ও আতালান্তার হয়ে খেলেছেন। জুভেন্টাসের সঙ্গে চুক্তিবদ্ধ থাকলেও তাদের জার্সিতে কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি।
ইতালিয়ান সংবাদমাধ্যমগুলো রোমেরোর ইন্টারে যোগ দেওয়ার ব্যাপারে আশাবাদী। তবে স্প্যানিশ সংবাদমাধ্যমের দাবি, শেষ মুহূর্তে বার্সেলোনাও তাকে দলে নেওয়ার চেষ্টা করতে পারে।
বার্সেলোনার সভাপতি জোয়ান লাপোর্তা ও প্রধান কোচ হান্সি ফ্লিক দুজনই রোমেরোকে পছন্দ করেন। এমনকি তাদের বিবেচনায় তিনি ইন্টারের ডিফেন্ডার আলেসান্দ্রো বাস্তোনির চেয়েও বেশি অগ্রাধিকার পাচ্ছেন।
তবে কাতালান ক্লাবটি দলবদলের বাজারে সতর্কভাবে এগোচ্ছে। সাংবাদিক ফাব্রিজিও রোমানোর তথ্য অনুযায়ী, 'দলের বর্তমান কোনো সেন্টার-ব্যাক চলে গেলে তবেই রোমেরোকে বিকল্প হিসেবে গুরুত্ব দেবে বার্সেলোনা।'
বার্সেলোনার রক্ষণভাগে কয়েকজন খেলোয়াড়ের বিদায়ের সম্ভাবনা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে ক্লাবটির প্রথম লক্ষ্য হবে আয়মেরিক লাপোর্তের ট্রান্সফার সম্পন্ন করা। সে ক্ষেত্রে বিশ্বকাপের মতো আবারও পাউ কুবার্সির সঙ্গে জুটি বাঁধতে পারেন লাপোর্তে। এরপর বার্সেলোনা রোমেরোকে দলে নেওয়ার চেষ্টা করবে।