মেসির ইন্টার মিয়ামিতে যোগ দিলেন কাসেমিরো

২৩ জুলাই ২০২৬, ০১:০৮ AM
মেসি ও কাসেমিরো

মেসি ও কাসেমিরো © সংগৃহীত

অবশেষে লিওনেল মেসির ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দিলেন ব্রাজিলের অভিজ্ঞ মিডফিল্ডার কাসেমিরো। বুধবার ফ্রি ট্রান্সফারে তাকে দলে ভেড়ানোর বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাবটি। এর ফলে দীর্ঘদিন প্রতিপক্ষ হিসেবে লড়াইয়ের পর এবার একই জার্সিতে খেলতে দেখা যাবে মেসি ও কাসেমিরোকে।

ক্লাবের প্রকাশিত বিবৃতি অনুযায়ী, কাসেমিরো ২০২৭ মৌসুম পর্যন্ত ইন্টার মিয়ামির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। এছাড়া চুক্তিতে ২০২৯ সালের জুন পর্যন্ত মেয়াদ বাড়ানোর সুযোগ রাখা হয়েছে। তবে প্রয়োজনীয় ওয়ার্ক পারমিট পাওয়ার পরই তাকে মাঠে নামাতে পারবে ক্লাবটি।

৩৪ বছর বয়সী এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার গত মৌসুম শেষে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়েছেন। অনেকদিন ধরেই গুঞ্জন ছিল, ২০২৬ বিশ্বকাপের পর ইন্টার মিয়ামিতে যোগ দেবেন তিনি। শেষ পর্যন্ত সেই গুঞ্জনই সত্যি হয়েছে।

নতুন অধ্যায় শুরু করতে মুখিয়ে থাকা কাসেমিরো জানিয়েছেন, আরও শিরোপা জয়ের লক্ষ্যই তাকে এই সিদ্ধান্ত নিতে অনুপ্রাণিত করেছে।

ক্লাবের ওয়েবসাইটে তিনি বলেন, ‘জয় এবং নিজের উন্নতি অব্যাহত রাখাই আমাকে সবসময় অনুপ্রাণিত করে। ক্লাব আমার সামনে যে পরিকল্পনা তুলে ধরেছে এবং এই চুক্তি সম্পন্ন করতে যে আন্তরিকতা দেখিয়েছে, তা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ।’

তিনি আরও বলেন, ‘এই আস্থার জন্য আমি কৃতজ্ঞ। মাঠে ও মাঠের বাইরে, ম্যাচে এবং প্রতিদিনের অনুশীলনে আমি তার প্রতিদান দিতে চাই। ক্লাব ও সমর্থকদের জন্য নিজের সর্বোচ্চটা উজাড় করে দেব।’

কাসেমিরোকে দলে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ইন্টার মিয়ামির সহ-স্বত্বাধিকারী ডেভিড বেকহ্যামও। তিনি বলেন, ‘কাসেমিরো এবং তার পরিবার ইন্টার মিয়ামিতে যোগ দিচ্ছে জেনে আমি ভীষণ আনন্দিত। একজন ফুটবলার এবং মানুষ হিসেবে আমি সবসময়ই তাকে শ্রদ্ধা করেছি। সে জয়ের মানসিকতা নিয়ে খেলা একজন প্রকৃত চ্যাম্পিয়ন। রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডে অসাধারণ ক্যারিয়ারের পর তার নতুন গন্তব্য হিসেবে ইন্টার মিয়ামিকে বেছে নেওয়ায় আমরা গর্বিত।’

ক্লাব ও জাতীয় দলের হয়ে কাসেমিরোর অর্জনের তালিকাও সমৃদ্ধ। রিয়াল মাদ্রিদের হয়ে আট মৌসুমে তিনি জিতেছেন পাঁচটি উয়েফা চ্যাম্পিয়নস লিগ, তিনটি লা লিগা এবং তিনটি ক্লাব বিশ্বকাপ শিরোপা। ২০২২ সালে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়ে জিতেছেন একটি এফএ কাপ ও একটি ইংলিশ লিগ কাপ। এছাড়া ব্রাজিল জাতীয় দলের হয়ে রয়েছে একটি কোপা আমেরিকা জয়ের কৃতিত্ব।

ছাত্রীদের ওয়াশরুমে গোপনে ফোন রাখার অভিযোগ, ক্যান্টিনকর্মী আ…
  • ২৩ জুলাই ২০২৬
মেসির ইন্টার মিয়ামিতে যোগ দিলেন কাসেমিরো
  • ২৩ জুলাই ২০২৬
‘আমি জগন্নাথের শের’— বলে জবি শিক্ষার্থীর ওপর ছাত্রদল নেতার …
  • ২৩ জুলাই ২০২৬
বিশ্বকাপ শেষে সেরা একাদশ ঘোষণা ফিফার, জায়গা পেলেন যেসব ফুট…
  • ২২ জুলাই ২০২৬
রান্না করতে গিয়ে সবুজ হয়ে গেল গরুর মাংস, থানায় অভিযোগ
  • ২২ জুলাই ২০২৬
প্রাথমিকের শিক্ষার্থীকে বেধড়ক পেটানোর অভিযোগ শিক্ষকের বিরুদ…
  • ২২ জুলাই ২০২৬