মেসিকে হারাতে গিয়ে তান্ত্রিক বাঁচাতে পারলেন না নিজ দেশকেই

০৪ জুলাই ২০২৬, ১১:২২ AM
ঘানার তান্ত্রিক নান্না কওয়াকু বোনসাম

ঘানার তান্ত্রিক নান্না কওয়াকু বোনসাম © সংগৃহীত

লিওনেল মেসি ও বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে থামানোর ভবিষ্যদ্বাণী করে বিশ্বকাপে আলোচনায় এসেছিলেন ঘানার তান্ত্রিক নান্না কওয়াকু বোনসাম। তার দাবি ছিল, বিশ্বকাপে অভিষেক হওয়া কেপ ভার্দে রাউন্ড অব ৩২-এ আর্জেন্টিনাকে হারিয়ে বড় অঘটন ঘটাবে। তবে শেষ পর্যন্ত তার সেই ভবিষ্যদ্বাণী তো মিলেইনি, উল্টো নিজের দেশ ঘানাই বিদায় নিয়েছে বিশ্বকাপ থেকে।

রাউন্ড অব ৩২-এর ম্যাচে কলম্বিয়ার কাছে ১-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ঘানা। অন্যদিকে অতিরিক্ত সময়ের নাটকীয় লড়াইয়ে কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ফলে মেসিকে থামানোর যে ভবিষ্যদ্বাণী ঘিরে এত আলোচনা হয়েছিল, শেষ পর্যন্ত তার কোনো প্রতিফলন দেখা যায়নি মাঠের খেলায়।

কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে শুরু থেকেই ঘানার ওপর আধিপত্য বিস্তার করে কলম্বিয়া। ম্যাচের ১৪তম মিনিটে জন আরিয়াসের গোলে এগিয়ে যায় লাতিন আমেরিকার দলটি। সেই এক গোলই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য গড়ে দেয়।

বিরতির পর সমতায় ফেরার চেষ্টা চালায় ঘানা। তবে ব্যবধান বাড়ানোর সুযোগও পেয়েছিল কলম্বিয়া। ৫৬তম মিনিটে লুইস দিয়াজ বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। দুই মিনিট পর তার আরেকটি দুর্দান্ত শট দারুণভাবে রুখে দেন ঘানার গোলরক্ষক।

শেষ দিকে মরিয়া হয়ে আক্রমণ চালিয়েও কলম্বিয়ার রক্ষণ ভাঙতে পারেনি ঘানা। ফলে ১-০ গোলের জয় নিয়ে শেষ ষোলো নিশ্চিত করে কলম্বিয়া। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে ৭ জুলাই দিবাগত রাত ২টায় (৮ জুলাই) ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে দলটি।

এর আগে ঘানার ঐতিহ্যবাহী আধ্যাত্মিক সাধক হিসেবে পরিচিত নান্না কওয়াকু বোনসাম দাবি করেছিলেন, কেপ ভার্দে আর্জেন্টিনাকে হারিয়ে দেবে। তার এমন মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

এটি অবশ্য প্রথমবার নয়। বিশ্বকাপের গ্রুপ পর্বেও তিনি আলোচনায় এসেছিলেন। তখন তিনি দাবি করেছিলেন, ঘানার বিপক্ষে ম্যাচের আগে ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনের ওপর অভিশাপ দিয়েছেন। ওই ম্যাচে কেইন গোল করতে না পারায় সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তার দাবির সঙ্গে ঘটনাটির সম্পর্ক টানার চেষ্টা করেন। তবে এমন দাবির পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি।

শেষ পর্যন্ত বোনসামের সর্বশেষ ভবিষ্যদ্বাণীও বাস্তব হয়নি। কেপ ভার্দেকে হারিয়ে আর্জেন্টিনা শেষ ষোলো নিশ্চিত করেছে, আর কলম্বিয়ার কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ঘানাই।

যুক্তরাষ্ট্রজুড়ে মেটার সার্ভার ডাউন, ভোগান্তিতে হাজারও ব্যব…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষিত নারীদের ৯৫ শতাংশই কর্মজীবনের বাইরে, আয় কম, কর্ম…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
আগরবাতি বা মশার কয়েলের ধোঁয়ায় কি ক্যানসারের ঝুঁকি বাড়ে, যা …
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
চা-কফি কি ​অতিরিক্ত গরম পান করছেন, বাড়তে পারে খাদ্যনালির ক্…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
বিশ্বজুড়ে যুদ্ধ-সংঘাতের মধ্যেই এল শান্তি দিবস, এটি কেন পালন…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
নদীতে নেই ইলিশ, কিন্তু জেলেদের আছে ঋণের কিস্তি, চোখে দুশ্চি…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬