রুদ্ধশ্বাস জয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা

০৪ জুলাই ২০২৬, ০৭:১৮ AM
আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে ম্যাচ

আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে ম্যাচ © সংগৃহীত

স্কোরলাইন বলছে জয়ী আর্জেন্টিনা, পরাজিত কেপ ভার্দে। কিন্তু ৩-২ ব্যবধানের এই ফলাফল পুরো ম্যাচের গল্প বলে না। বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ১২০ মিনিট ধরে তীব্র চাপে রেখে নিজেদের প্রথম বিশ্বকাপেই অসাধারণ লড়াই উপহার দিয়েছে আটলান্টিক মহাসাগরের ছোট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে।

শেষ বাঁশি বাজার পর আর্জেন্টাইন ফুটবলারদের উচ্ছ্বাসই যেন বলে দিচ্ছিল, এটি ছিল কেবল একটি নকআউট ম্যাচ নয়, বরং কঠিন এক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার আনন্দ। ট্রফি ধরে রাখার মিশনে নামা দলটি শেষ ৩২-এর ম্যাচ জিতেই যেভাবে উদযাপন করেছে, তাতে ম্যাচটির কঠিন বাস্তবতা স্পষ্ট হয়ে ওঠে।

নাটকীয় এই লড়াইয়ের নিষ্পত্তি হয় অতিরিক্ত সময়ের ১১১তম মিনিটে। কর্নার থেকে ভেসে আসা বলে ক্রিস্টিয়ান রোমেরোর হেড কেপ ভার্দের বোর্জেসের হাতে লেগে জালে জড়িয়ে গেলে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা। শেষ পর্যন্ত সেই গোলই নিশ্চিত করে বর্তমান চ্যাম্পিয়নদের শেষ ষোলোর টিকিট।

শক্তিমত্তা, ইতিহাস ও সাফল্যের বিচারে দুই দলের মধ্যে ছিল বিশাল ব্যবধান। তাই ম্যাচ শুরুর আগে অনেকেই এটিকে বিশ্বকাপ নকআউট পর্বের সবচেয়ে অসম লড়াইগুলোর একটি বলে মনে করেছিলেন। কিন্তু বিশ্বকাপে প্রথমবার অংশ নেওয়া কেপ ভার্দে মাঠে নেমে সেই ধারণা বদলে দেয়। নিজেদের সাহসী ফুটবলে ম্যাচটিকে তারা পরিণত করে প্রকৃত অর্থেই এক হাইভোল্টেজ লড়াইয়ে।

ম্যাচের শুরুতেই ষষ্ঠ মিনিটে গোলমুখে প্রথম শট নেয় আর্জেন্টিনা। এরপর দীর্ঘ সময় কেপ ভার্দে কোনো শট নিতে না পারলেও ২৯তম মিনিটে এগিয়ে যায় আর্জেন্টিনা। লিসান্দ্রো মার্তিনেসের নিখুঁত লম্বা পাস নিয়ন্ত্রণে নিয়ে দ্বিতীয় স্পর্শেই গোলরক্ষক ভোজিনিয়ার মাথার ওপর দিয়ে বল জালে পাঠান লিওনেল মেসি।

চলতি বিশ্বকাপে এটি ছিল মেসির সপ্তম গোল এবং বিশ্বকাপে তার ক্যারিয়ারের ২০তম গোল। একই সঙ্গে টানা অষ্টম বিশ্বকাপ ম্যাচে গোল করে বিরল এক রেকর্ডও গড়েন আর্জেন্টিনা অধিনায়ক।

তবে সেই গোলের পর থেকেই বদলে যায় ম্যাচের চিত্র। দুর্দান্ত প্রতিরোধ গড়ে তোলে কেপ ভার্দে এবং বিশ্বচ্যাম্পিয়নদের প্রতিটি আক্রমণের জবাব দিতে শুরু করে। শেষ পর্যন্ত অতিরিক্ত সময় পর্যন্ত লড়াই চালিয়ে গেলেও ভাগ্য তাদের পক্ষে ছিল না। আর সেই সুযোগেই নাটকীয় জয় তুলে নিয়ে শেষ ষোলোয় জায়গা নিশ্চিত করে আর্জেন্টিনা।

মাদ্রাসার ভেতরে ‘ছাত্রী’র সঙ্গে অন্তরঙ্গ হওয়ার চেষ্টা শিক্ষ…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক-কর্মচারী নি…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
‘রূপা কোথায়, জানি না’—বোনকে ফিরে পেতে খুবি শিক্ষার্থীর আকুতি
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
আঁচল ফাউন্ডেশনের উদ্যোগে খাস ফুডের কর্মকর্তাদের মানসিক স্বা…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
বদলে যেতে পারে আন্তর্জাতিক ক্রিকেটের সূচি
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
চবিতে অনুমোদিত ফি ছাড়া অর্থ আদায়ে নিষেধাজ্ঞা
  • ২২ সেপ্টেম্বর ২০২৬