আর্জেন্টিনাকে হুংকার দিলেন কেপ ভার্দে কোচ বুবিস্তা

০৩ জুলাই ২০২৬, ১০:২৪ AM
কেপ ভার্দে কোচ

কেপ ভার্দে কোচ © সংগৃহীত

২০২৬ ফুটবল বিশ্বকাপের রাউন্ড অব থার্টিটুতে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার সামনে কঠিন লড়াইয়ের বার্তা দিল কেপ ভার্দে। ম্যাচের আগে দলটির প্রধান কোচ পেদ্রো লেইতাও ব্রিতো, যিনি ‘বুবিস্তা’ নামে পরিচিত, স্পষ্ট জানিয়ে দিয়েছেন—কেপ ভার্দেকে আর দুর্বল প্রতিপক্ষ হিসেবে দেখার সুযোগ নেই। গ্রুপ পর্বের পারফরম্যান্সে তারা প্রতিপক্ষের সম্মান অর্জন করেছে। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটি কঠিন হবে জানালেও নিজের দল প্রতিদ্বন্দ্বীদের চাপে ফেলতে প্রস্তুত বলে আত্মবিশ্বাস প্রকাশ করেছেন তিনি।

শুক্রবার ভোরে হার্ড রক স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কেপ ভার্দে। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বুবিস্তা বলেন, তার দলের প্রতি প্রতিপক্ষের দৃষ্টিভঙ্গি এখন আগের চেয়ে অনেক বদলে গেছে।

এ সময় কেপ ভার্দে কোচ বলেন, ‘আমার বিশ্বাস, আমরা সেই সম্মান অর্জন করেছি।’

তার মতে, আগে অনেক দল কেপ ভার্দেকে সহজ প্রতিপক্ষ হিসেবে দেখলেও বিশ্বকাপে ধারাবাহিক পারফরম্যান্সের পর সেই ধারণা বদলে গেছে। এখন প্রতিপক্ষও তাদের যথেষ্ট গুরুত্ব দিয়ে বিবেচনা করছে।

গ্রুপ পর্বে দারুণ নৈপুণ্য দেখিয়ে আত্মবিশ্বাস নিয়েই নকআউট পর্বে উঠেছে আফ্রিকার দলটি। শক্তিশালী এইচ গ্রুপে স্পেনের পর দ্বিতীয় স্থান নিয়ে পরের রাউন্ড নিশ্চিত করে তারা। সৌদি আরব ও উরুগুয়েকে পেছনে ফেললেও তিনটি ম্যাচেই ড্র করে অপরাজিত ছিল কেপ ভার্দে।

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ নিয়ে বুবিস্তা বলেন, ‘আমরা জানি এটি খুব কঠিন একটি ম্যাচ হবে। এমন একটি দলের বিপক্ষে খেলতে হবে, যারা যেকোনো দলকে হারাতে পারে। তবে আমাদের ভালো খেলতে হবে এবং প্রতিপক্ষকে সমস্যায় ফেলতে হবে।’

তিনি মনে করেন, রক্ষণভাগের দৃঢ়তাই হবে দলের অন্যতম বড় শক্তি। তবে শুধু রক্ষণ সামলালেই হবে না, সুযোগ পেলেই আক্রমণেও যেতে হবে।

এ বিষয়ে তিনি বলেন, ‘আমরা চাই পুরো ম্যাচজুড়ে আমাদের দল আত্মবিশ্বাস ধরে রাখুক। এটি সব সময় সহজ নয়, কিন্তু বিভিন্ন প্রতিযোগিতায় আমরা প্রমাণ করেছি যে আমরা তা পারি এবং ভালো ফুটবল খেলতে পারি।’

বুবিস্তা আরও বলেন, পুরো ৯০ মিনিট একই তীব্রতা ও মনোযোগ ধরে রাখা খুবই গুরুত্বপূর্ণ। কারণ তিনি দেখেছেন, কয়েকটি আফ্রিকান দল ম্যাচের শেষ দিকে গোল হজম করে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে। তাই তার দল শেষ বাঁশি বাজা পর্যন্ত লড়াই চালিয়ে যাবে।

তিনি বলেন, ‘আমরা চেষ্টা করছি খেলোয়াড়রা যেন পুরো ম্যাচে একই মানসিকতা ধরে রাখতে পারে। অনেক সময় কোনো দলকে ফেবারিট ধরা হলে মানুষ মনে করে অন্য দল হাল ছেড়ে দেবে। আমরা কখনোই তা করব না।’

উল্লেখ্য, আর্জেন্টিনা ও কেপ ভার্দের মধ্যকার এই ম্যাচের বিজয়ী দল বিশ্বকাপের শেষ ষোলোয় জায়গা করে নেবে। সেখানে আগামী ৭ জুলাই আটলান্টায় অস্ট্রেলিয়া ও মিসরের মধ্যকার ম্যাচের বিজয়ী দলের মুখোমুখি হবে তারা।

রিলেশনশিপ অফিসার-ম্যানেজার পদে নিয়োগ দেবে মিউচুয়াল ট্রাস্ট …
  • ১৯ আগস্ট ২০২৬
শিক্ষা কেবল শ্রেণিকক্ষে পাঠদান ও সনদ বিতরণের মধ্যে সীমাবদ্ধ…
  • ১৯ আগস্ট ২০২৬
নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথের সম্ভাব্য সময় জানা গেল
  • ১৯ আগস্ট ২০২৬
৪০ পদে নিয়োগ দিচ্ছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড
  • ১৯ আগস্ট ২০২৬
জীবননগর সীমান্ত দিয়ে এক ভারতীয় নাগরিকসহ ৫ বাংলাদেশিকে পুশ ই…
  • ১৯ আগস্ট ২০২৬
২০২৭ সালের এসএসসি পরীক্ষা দুই মাস পেছানোর চিন্তা
  • ১৯ আগস্ট ২০২৬