লিওনেল স্কালোনি © সংগৃহীত
২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনা রেফারিদের কাছ থেকে বাড়তি সুবিধা পাচ্ছে—এমন অভিযোগ ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। কেপ ভার্দের বিপক্ষে নকআউট ম্যাচের আগের দিন সেই বিতর্ক নিয়েই প্রশ্নের মুখে পড়েন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। তবে এসব অভিযোগকে একেবারেই গুরুত্ব দিতে রাজি নন বিশ্বচ্যাম্পিয়নদের কোচ। বরং সামাজিক যোগাযোগমাধ্যমের গুঞ্জন থেকে দূরে থাকার পরামর্শই দিয়েছেন তিনি।
কেপ ভার্দের বিপক্ষে বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর ম্যাচের আগে সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে স্কালোনি ম্যাচের প্রস্তুতির পাশাপাশি আর্জেন্টিনাকে ঘিরে ছড়িয়ে পড়া নানা আলোচনা ও অভিযোগ নিয়েও কথা বলেন।
আর্জেন্টিনা বিশ্বকাপে বিশেষ সুবিধা পাচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে স্কালোনি সরাসরি বলেন, 'সামাজিক যোগাযোগমাধ্যম না দেখলেই হয়। ওগুলো দেখবেন না। না দেখলে এসব জানতেই পারবেন না।'
তিনি বলেন, বর্তমানে কোনো ভিত্তি ছাড়াই অনেকেই নানা ধরনের দাবি করে বসেন। পরে সেসব দ্রুত ছড়িয়ে পড়ে এবং ছোট একটি বিষয়ও অযথা বড় বিতর্কে পরিণত হয়।
এ বিষয়ে স্কালোনি বলেন, 'এখন যে কেউ কোনো ভিত্তি ছাড়া কিছু লিখে দেয়। তারপর ছোট একটি বিষয়কে অনেক বড় করে ফেলা হয়। আমার মনে হয়, এসবের গুরুত্ব দেওয়া উচিত নয়।'
আর্জেন্টিনা দলের বিশ্বাস, তাদের সাফল্য কোনো বিশেষ সুবিধার ফল নয়। মাঠে খেলোয়াড় থেকে শুরু করে দলের প্রতিটি সদস্যের কঠোর পরিশ্রমই এই সাফল্যের ভিত্তি।
স্কালোনি বলেন, 'সামাজিক যোগাযোগমাধ্যমের ভালো দিক যেমন আছে, তেমনি খারাপ দিকও আছে। যে কেউ কিছু লিখে দিলেই তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। এক সেকেন্ডের মধ্যেই সেটা সব জায়গায় ছড়িয়ে পড়ে। আমরা এসব নিয়ে মাথা ঘামাই না।'
বিশ্বকাপে আর্জেন্টিনাকে ঘিরে এমন অভিযোগ অনেকের কাছেই বিস্ময়কর। কারণ গ্রুপ পর্বে তিনটি ম্যাচেই দাপট দেখিয়েছে স্কালোনির দল। আলজেরিয়াকে ৩-০, অস্ট্রিয়াকে ২-০ এবং জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউট পর্বে উঠেছে তারা।
এছাড়া পুরো টুর্নামেন্টে এখন পর্যন্ত আর্জেন্টিনা মাত্র দুইটি পেনাল্টি পেয়েছে। অন্যদিকে বিশ্বকাপ শুরুর পর দলটির মাত্র দুই খেলোয়াড়—লিয়ান্দ্রো পারেদেস ও ফাকুন্দো মেদিনা—হলুদ কার্ড দেখেছেন। তাই আর্জেন্টিনা বাড়তি সুবিধা পাচ্ছে—এমন অভিযোগের পক্ষে দৃশ্যমান কোনো পরিসংখ্যানও এখন পর্যন্ত সামনে আসেনি।