আর্জেন্টিনা ফুটবল দল © সংগৃহীত
কেপ ভার্দের বিপক্ষে বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচের আগে বড় স্বস্তি পেয়েছে আর্জেন্টিনা। চোট কাটিয়ে পূর্ণমাত্রায় অনুশীলনে ফিরেছেন দলের অন্যতম নির্ভরযোগ্য ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো। তার ফেরায় রক্ষণভাগে পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। একই সঙ্গে বাঁ প্রান্ত ও আক্রমণভাগেও একাদশে চমক রাখতে পারেন কোচ লিওনেল স্কালোনি।
বৃহস্পতিবার দলের সঙ্গে পূর্ণ অনুশীলন করেছেন রোমেরো। কোচিং স্টাফের নেওয়া সব ধরনের শারীরিক পরীক্ষায়ও তিনি উত্তীর্ণ হয়েছেন। তবে তাকে শুরুর একাদশে রাখা হবে কি না, সে বিষয়ে শেষ সিদ্ধান্ত নেওয়া হবে ম্যাচের আগের অনুশীলনের পর। সবকিছু ঠিক থাকলে জর্ডানের বিপক্ষে তার জায়গায় খেলা নিকোলাস ওতামেন্দিকে বেঞ্চে ফিরতে হতে পারে।
অস্ট্রিয়ার বিপক্ষে হাঁটুতে আঘাত পাওয়ার পর জর্ডানের বিপক্ষে বিশ্রামে ছিলেন রোমেরো। তবে পুরোনো সেই চোট কাটিয়ে এখন তিনি প্রায় পুরোপুরি ফিট।
রক্ষণভাগে পরিবর্তনের সম্ভাবনা থাকলেও আক্রমণভাগে এখনও নিশ্চিত নয় স্কালোনির পরিকল্পনা। লিওনেল মেসির সঙ্গে লাওতারো মার্তিনেজ শুরুর একাদশে নামার দৌড়ে কিছুটা এগিয়ে থাকলেও হুলিয়ান আলভারেজও রয়েছেন বিবেচনায়। শেষ পর্যন্ত কে মেসির সঙ্গী হবেন, সেটি এখনও নিশ্চিত করেনি আর্জেন্টিনা টিম ম্যানেজমেন্ট।
বাঁ প্রান্তেও দেখা যেতে পারে নতুন মুখ। চোট থেকে ফিরে জর্ডানের বিপক্ষে খেলেছিলেন নিকোলাস তালিয়াফিকো। তবে সাম্প্রতিক সময়ে ধারাবাহিক ভালো পারফরম্যান্সের কারণে ফাকুন্দো মেদিনাও একাদশে জায়গা পাওয়ার জোরালো দাবিদার। বৃহস্পতিবারের অনুশীলনে দুজনকেই সমান গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করেছেন স্কালোনি।
মধ্যমাঠে অবশ্য বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। রদ্রিগো ডি পল, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনসো ফার্নান্দেজ এবং থিয়াগো আলমাদাকে নিয়েই মাঝমাঠ সাজানোর পরিকল্পনা রয়েছে আর্জেন্টিনা কোচের।
শনিবার বাংলাদেশ সময় রাত ৪টায় মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে কেপ ভার্দের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচটি জিততে পারলেই শেষ ষোলোর টিকিট নিশ্চিত হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের। এরপর তাদের সম্ভাব্য প্রতিপক্ষ হবে অস্ট্রেলিয়া অথবা মিশর।
সম্ভাব্য একাদশে
গোলরক্ষক- এমিলিয়ানো মার্তিনেজ।
রক্ষণভাগ- নাহুয়েল মোলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ ও ফাকুন্দো মেদিনাকে।
মধ্যমাঠ- রদ্রিগো ডি পল, এনসো ফার্নান্দেজ, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার ও থিয়াগো আলমাদা।
আক্রমণভাগ- লিওনেল মেসি, লাওতারো মার্তিনেজ।